চাকমা রাজার বাড়িতে কমপ্লেক্স নির্মাণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা রাজার পুড়ে যাওয়া বাড়ির জায়গায় আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক একটি কমপ্লেক্স নির্মাণে রাঙামাটিতে নাগরিক উদ্যোগ নেওয়া হয়েছে। নবগঠিত ‘চাকমা সার্কেল হেরিটেজ কাউন্সিল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে।কাউন্সিলের আহ্বায়ক গৌতম দেওয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বুধবার জানানো হয়, সেখানে চাকমা সার্কেলের ঐতিহাসিক দলিলদস্তাবেজ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা হবে। এ ছাড়া সেখানে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জীবনব্যবস্থা তুলে ধরা হবে।গত শুক্রবার রাঙামাটি শহরের বেসরকারি সংস্থা টংগ্যা মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে ১৯ সদস্যবিশিষ্ট এ সংগঠনটি গঠন করা হয়।চাকমা রাজা দেবাশীষ রায় চাকমা সার্কেল হেরিটেজ কাউন্সিলের উদ্যোগের ব্যাপারে তাঁর সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পুড়ে যাওয়া বাড়ির জায়গায় কমপ্লেক্স নির্মাণে তাঁর সম্মতির কথাও জানান।১০ নভেম্বর সন্ধ্যায় চাকমা রাজা দেবাশীষ রায়ের বাসভবন আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল আলম চৌধুরীর নেতৃত্ব একটি কমিটি কাজ করছে।গৌতম দেওয়ান বলেন, রাজবাড়ী পুড়ে যাওয়ায় আর্থিক ক্ষতি তেমন না হলেও ঐতিহাসিক ক্ষতি হয়েছে ব্যাপক। তার পরও অনেক ঐতিহাসিক নিদর্শন ও দলিলদস্তাবেজ রক্ষা পেয়েছে। সেগুলো সংরক্ষণ করতে চাকমা সার্কেল হেরিটেজ কাউন্সিল গঠন করা হয়েছে। গৌতম দেওয়ান বলেন, বর্তমান চাকমা রাজা ঐতিহাসিকভাবে স্বীকৃত ৫১তম চাকমা রাজা। সেই হিসেবে রাজপরিবার শত শত বছরের পুরোনো প্রথা ও একটি শাসনব্যবস্থার প্রতীক। তিনি জানান, রাজপরিবারের সদস্যদের ব্যবহূত সামগ্রী, অতীত এবং বর্তমান সময়ের অনেক দলিল পুড়ে গেছে। পুড়ে যাওয়া সম্পদ শুধু চাকমা জাতিগোষ্ঠীর সম্পদ নয়, পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক সম্পদ। তিনি জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্থাপত্য পরিকল্পনার মাধ্যমে রাজার বাসভবনসহ জাদুঘর, লাইব্রেরি, ডকুমেন্টেশন সেন্টার তথা একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ জন্য তাঁরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্য চাচ্ছেন। আর্থিক সহযোগিতা গ্রহণের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: চাকমা সার্কেল হেরিটেজ কাউন্সিল, অ্যাকাউন্ট নং ১০৭১৩৭৯, অগ্রণী ব্যাংক, বনরূপা শাখা, রাঙামাটি।