চাকমা হস্তশিল্প দেখে মুগ্ধ ড্যান মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবনিয়া গ্রামের চাকমাদের তৈরি হস্তশিল্প দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। গতকাল শুক্রবার সকাল ১০টায় তিনি কক্সবাজার শহর থেকে সড়কপথে ২৩ কিলোমিটার দূরের চাকমাপল্লি পরিদর্শনে যান।
মার্কিন রাষ্ট্রদূতের পরিদর্শন উপলক্ষে গ্রামের চাকমারা আগে থেকেই হাতের তৈরি নানা পণ্য জড়ো করেন। ড্যান মজীনা চাকমাদের হস্তশিল্প দেখেন। চাকমাদের মাছ ধরার জাল বোনা, উন্নত চুলার ব্যবহার, পাহাড়ের ঢালে সবজি চাষ, হাঁস-মুরগির খামার ও তাঁতে কাপড় বোনার কাজ দেখে তিনি মুগ্ধ হন। বাঁশের চাটাই দিয়ে ধান রাখার বড় পাত্র (লাই-ডুলা) তৈরির কাজ দেখে মার্কিন রাষ্ট্রদূত বিস্ময় প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইউএসএইডের বাংলাদেশ মিশন পরিচালক জেনিনা জেরুজেলস্কি।
পরিদর্শন শেষে ড্যান মজীনা উপস্থিত চাকমাদের উদ্দেশে বলেন, পরিকল্পিতভাবে পতিত ভূমিতে বনায়নের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলে জলবায়ু পরিবর্তনের মতো গুরুতর দুর্যোগ মোকাবিলা সম্ভব। একসময় চাকমারা বনাঞ্চল ধ্বংস করে জীবনযাপন করতেন। এখন তাঁরা বনায়ন রক্ষা করে বিকল্পভাবে জীবিকা পরিচালনা করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।