চাকমাসহ চারটি ভাষার ব্যবহার কম্পিউটারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণে বড় ধরনের কোনো সরকারি উদ্যোগ নেই। তবে মারমা, চাকমা, ম্রো, বমসহ কয়েকটি আদিবাসী ভাষার ফন্ট উদ্ভাবিত হওয়ায় এখন কম্পিউটারেও ব্যবহূত হচ্ছে। এর মধ্যে চাকমা ভাষার ইউনিকোড ফন্ট উদ্ভাবিত হয়েছে। এ কারণে ইন্টারনেটেও লেখা যাচ্ছে এই ভাষা।কম্পিউটারের কি-বোর্ডে মারমা, ম্রো ও বম ভাষা লেখা এবং মুদ্রণ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) পরিচালক মংনুচিং। এক প্রশ্নের উত্তরে মংনুচিং প্রথম আলোকে জানান, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকেই তিনি তিনটি আদিবাসী ভাষার ফন্ট সংগ্রহ করেছেন। এর মধ্যে বম ভাষা লেখা হয় রোমান হরফে। এ কারণে সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের কি-বোর্ড ব্যবহার করে বম ভাষা লেখা যায় সহজেই।মংনুচিং বান্দরবানের আরেক আদিবাসী জাতিগোষ্ঠী ম্রোদের ভাষা নিয়েও কাজ করছেন বলে জানালেন। তিনি জানান, ১৯৯৬ সালের দিকে ম্রো ভাষার বর্ণমালা উদ্ভাবন করেন বান্দরবানের মেনলে ম্রো নামের এক ব্যক্তি। কিন্তু কম্পিউটারে ফন্ট নির্মাণ করেন চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিশ্চিয়ান হাসপাতালের কর্মী মেনরুম ম্রো। প্রথমে এই ফন্ট ‘ম্রোচৌ’ এবং বর্তমানে ‘রিয়েন’ নামে পরিচিত। মেনরুম ম্রো এই ফন্টের মাধ্যমে কয়েকটি ধর্মীয় পুস্তিকা প্রকাশ করেছেন। মেনরুমের কাছ থেকেই ম্রো ভাষার সফটওয়্যারটি পরবর্তী সময়ে মংনুচিং সংগ্রহ করেন বলে জানান। কম্পিউটারে লিখনের ক্ষেত্রে বেশ এগিয়েছে চাকমা ভাষাও। চাকমা বর্ণমালা কম্পিউটারে লেখার সফটওয়্যার নির্মাণ করেছেন রাঙামাটির দুই তরুণ জ্যোতি চাকমা ও সুজ মরিজ চাকমা। সফটওয়্যার নির্মাণ করেই তাঁরা থেমে থাকেননি। চাকমা ফন্টকে ইউনিকোডে (ইন্টারনেটে লিখনযোগ্য) রূপান্তরও করেছেন। জ্যোতি চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাংলাদেশে সাত থেকে আট ধরনের চাকমা ভাষার ফন্ট আছে। তবে কিছু ফন্টে ত্রুটি থাকায় গ্রহণযোগ্যতা পেয়েছে মাত্র দু-একটি ফন্ট।জ্যোতি আরও জানান, প্রথমে তাঁরা রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহযোগিতায় আলাম নাম দিয়ে একটি চাকমা ফন্ট উদ্ভাবন করেন। এটি www.hilledu.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। কিন্তু এই ফন্ট দিয়ে ইন্টারনেটে লেখালেখি করা সম্ভব ছিল না। দুই তরুণ এই সমস্যা সমাধানে ইউনিকোড কনসোর্টিয়ান, মাইক্রোসফট, ফন্টল্যাবসহ বেশ কয়েকটি সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। নিজেদের টাকায় এবং দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির আর্থিক সহায়তায় তাঁরা চাকমা ফন্টকে ইউনিকোডে রূপান্তর করেন। নাম দেন রিবেং ইউনি। এই সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে www.uni.hilledu.com ওয়েবসাইট থেকে। বর্তমানে খুব সহজে যাতে অনলাইনে চাকমা ভাষা টাইপ করা যায়, সে জন্য ফোনেটিক সফটওয়্যার নির্মাণের কাজেও হাত দিয়েছেন বলে জানিয়েছেন জ্যোতি চাকমা।