চাকরি আছে কিন্তু কাজ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছয় মাস ধরে কাজ নেই। আগামী জুনের মধ্যে কাজ শুরু হলে আরও চার মাস তাঁদের কর্মহীন থাকতে হবে বলে গতকাল বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন।

 চাকরি আছে কিন্তু কাজ নেই বলে ইতিমধ্যে কার্যালয়ের নয় কর্মকর্তা-কর্মচারীর মধ্যে চারজনকে অন্য জায়গায় প্রেষণে পাঠানো হয়েছে বলে সহকারী পরিচালক শাহাজাহান কবীর জানিয়েছেন।

 জেলা শহরের পুরোনো ডিসি কার্যালয়ের ছোট ভবনের দোতলায় পাসপোর্ট কার্যালয়ে সরেজমিনে দুটি কক্ষে মাকড়সার জাল পড়া কিছু নথিপত্র, চারটি চেয়ার, একটি টেবিল, মেঝেতে খাটানো মশারি দেখা গেছে। সামগ্রিক পরিবেশ দেখলে পাসপোর্ট কার্যালয় নয়, এটি বন্যা বা দুর্যোগকবলিত মানুষের আশ্রয়কেন্দ্র মনে হয়।

 কর্মচারীরা জানান, গত অক্টোবর থেকে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। কিন্তু এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) মেশিন, সার্ভার স্টেশন ও বিদ্যুৎ উপকেন্দ্র না থাকায় এখন শুধু পুরোনো পাসপোর্টের আগের নিয়মে নবায়নের কাজ করা হয়ে থাকে। নতুন এমআরপি পাসপোর্টের কাজ এখনো শুরু না হওয়ায় কেউ তা করতে চাইলে রাঙামাটি পার্বত্য জেলা শহরে গিয়ে আবেদন করতে হয়। আবেদন গ্রহণ করা হলে তদন্তের জন্য পাঠানো হয় পুলিশের কাছে। সে জন্য পাসপোর্টের বান্দরবান কার্যালয়ে আপাতত কোনো কাজ না থাকায় তাঁরা কাজের অপেক্ষায় বসে থাকেন।

 পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাহান কবীর বলেছেন, সারা দেশে ৩৩টি নতুন এমআরপি পাসপোর্টের কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্টের চাহিদা নিরূপণের ভিত্তিতে যেখানে সবচেয়ে বেশি জরুরি, সেখানে আগে কার্যক্রম চালু করা হচ্ছে। এখন চট্টগ্রাম বিভাগে নোয়াখালী জেলায় কাজ করা হচ্ছে। রাঙামাটিতে আগে থেকে পুরোদমে কার্যালয় চালু থাকায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পরে বান্দরবানের কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে এপ্রিল-জুন মাস পর্যন্ত লাগতে পারে।