চাকরি ও বিনিয়োগ বাড়ানো বড় চ্যালেঞ্জ: সিপিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের অর্থনীতি নিয়ে গতকাল সিরডাপ মিলনায়তনে ‘তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। পাশে সংস্থাটির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ও নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান l প্রথম আলো
বাংলাদেশের অর্থনীতি নিয়ে গতকাল সিরডাপ মিলনায়তনে ‘তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। পাশে সংস্থাটির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ও নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান l প্রথম আলো

বাংলাদেশের ৭ শতাংশের উচ্চ প্রবৃদ্ধিতে নতুন কর্মসংস্থানের প্রতিফলন নেই। এতে প্রবৃদ্ধির ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। এত প্রবৃদ্ধি অর্জিত হলেও পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না।
এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ কথা বলেছে। সিপিডি পুরো বিষয়টিতে অর্থনীতির জন্য দুশ্চিন্তার কারণ বলে মনে করে। সংস্থাটির মতে, এত প্রবৃদ্ধি অর্জিত হলেও বেসরকারি বিনিয়োগের অনুপাত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বাড়েনি, বরং কমেছে।
চলতি অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণপত্র উপস্থাপন উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের (২০১৫) তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সিপিডি বলেছে, ২০১৩ সালের পরের দুই বছরে সাত লাখের মতো নতুন কর্মসংস্থান হয়েছে। শিক্ষিত ব্যক্তিরা তুলনামূলক কাজ কম পাচ্ছেন। বছরে মাত্র সাড়ে তিন লাখের মতো নতুন কর্মসংস্থান হয়েছে। কিন্তু আগের ১০ বছরে প্রতিবছর গড়ে সাড়ে ১৩ লাখের বেশি কর্মসংস্থান হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, গত দুই বছরে শিল্প খাতে দুই অঙ্কের হারে প্রবৃদ্ধি হলেও এ খাতে ১২ লাখের মতো কর্মসংস্থান কমেছে। সিপিডির মতে, এ ধরনের দুর্বল কর্মসংস্থানের জিডিপি প্রবৃদ্ধি দেশের উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সামষ্টিক অর্থনীতিতে বেশ কিছু ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো সহনীয় মূল্যস্ফীতি; ব্যাংকঋণের সুদের হার কম; বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও চলতি আয়ে ইতিবাচক অবস্থান; স্থিতিশীল টাকার বিনিময় হার। এসব ইতিবাচক বৈশিষ্ট্য বিনিয়োগ বাড়ানোর জন্য সহায়ক। এমন পরিস্থিতিতে উচ্চ প্রবৃদ্ধির প্রাথমিক প্রাক্কলন করা হয়েছে।
উচ্চ প্রবৃদ্ধি হলেও অর্থনীতিতে অন্তত চারটি বিষয়ে বিপরীতমুখী পরিস্থিতি আছে বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। এগুলো হলো সর্বোচ্চ প্রবৃদ্ধির বিপরীতে কর আহরণ, কর্মসংস্থান, ব্যক্তি বিনিয়োগ ও উৎপাদনশীলতা কমে গেছে। এ অবস্থায় উচ্চ প্রবৃদ্ধির চেয়ে প্রবৃদ্ধির গুণগত মান খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে অর্থনীতিকে প্রতিনিয়ত বিবেচনায় রাখতে হলে তথ্য-উপাত্তের গুণগত মান বৃদ্ধি করতে হবে।
সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বিনিয়োগ বাড়লেও জিডিপিতে বেসরকারি বিনিয়োগ কমে গেছে। আগের বছরের চেয়ে দশমিক ৩ শতাংশ কমে ২০১৫-১৬ অর্থবছরে বেসরকারি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে জিডিপির ২১ দশমিক ৭৮ শতাংশের সমান।
বেসরকারি বিনিয়োগ না হওয়ার পেছনের বেশ কিছু কারণ চিহ্নিত করেছে সিপিডি। এগুলো হলো গ্যাস-বিদ্যুতের মতো অবকাঠামো দুর্বলতা, তুলনামূলক উচ্চ সুদ হার; বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে শ্লথগতি। সিডিপি মনে করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি শ্রীলঙ্কার পর্যায়ে উন্নীত করা যায়, তবে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ ৩৩ শতাংশ পর্যন্ত বাড়বে। আবার ভারতের পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি হলে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ দ্বিগুণ হবে।
বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সিডিপি সাতটি সুপারিশ করেছে। এগুলো হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নীতিসমূহের সংস্কার; শুল্ক-কর নীতি পরিবর্তন; সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যবস্থা উন্নয়ন; অবকাঠামো উন্নয়ন; সরকারি সেবা ও আইনি ব্যবস্থার সংস্কার; সরকারি কেনাকাটা পদ্ধতির উন্নয়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন।
সিপিডি আরও বলেছে, বাংলাদেশে উৎপাদনশীলতায় বেশ পিছিয়ে আছে। ১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ যদি ভারতের সমপর্যায়ের উৎপাদনশীলতায় থাকত, তবে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ৭ শতাংশ হতো। অথচ এ সময়ে প্রকৃত অর্থে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৩২ শতাংশ। এর পাশাপাশি বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ বেড়ে হতো ১ হাজার ৫৬৮ ডলার।
বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, প্রবৃদ্ধির গুণগত মান নিশ্চিত করতে হবে, যাতে কর্মসংস্থান হয়, উৎপাদনশীলতা বাড়ে। তিনি আরও বলেন, মানুষের কাছ থেকে নেওয়া করের অর্থ কোথায় ব্যবহৃত হচ্ছে—সেদিকে নজর দিতে হবে। এ ক্ষেত্রে গরিব মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক নিরাপত্তায় আরও বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিশ্লেষণ প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান।