চাকরি করতে না চাওয়ায় স্ত্রীকে নির্যাতন
চাকরি করতে রাজি না হওয়ায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক গৃহবধূকে তাঁর স্বামী মারধর ও পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, উপজেলার গৌরীপুর ইউনিয়নের রাধানগর গ্রামের রসিমা বেগম ২০০৬ সালে তাঁর পরিবারের সদস্যদের অমতে একই এলাকার মেহেতাবুল ইসলামকে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান রয়েছে।রসিমা বেগম বলেন, ‘আমার স্বামী মেহেতাবুল ইসলাম প্রাইম লাইফ ইনস্যুরেন্স বরিশাল কার্যালয়ে জুনিয়র অফিসার হিসেবে চাকরি করেন। আমিও একই কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতাম। শারীরিক সমস্যা দেখা দেওয়ায় সম্প্রতি আমি চাকরি ছেড়ে দিই। কিন্তু স্বামী আমার চাকরি ছাড়ার বিষয়টি মানতে না পেরে গত শনিবার দুপুরের দিকে আমাকে প্রথমে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে ঘরে থাকা কেরোসিন দিয়ে আমাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন।’ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদীপ কুমার হালদার বলেন, রসিমার গায়ের কাপড় কেরোসিনে ভেজা অবস্থায় পাওয়া গেছে এবং চুলও আংশিক পোড়া দেখা গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।মেহেতাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, রসিমার পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।