চাকরি করব না, চাকরি দেব: ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস

জীবনে চাকরি করব না, চাকরি দেব—এ মানসিকতা নিয়ে তরুণদের উদ্যোক্তা হতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শান্তিতে নেবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে সামাজিক ব্যবসা নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি। চট্টগ্রাম সামাজিক ব্যবসাকেন্দ্র লিমিটেড এ সভার আয়োজন করে।
বিশ্বজুড়ে ‘সামাজিক ব্যবসা’ ধারণার অগ্রদূত মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রচলিত ব্যবসায় আমরা উৎপাদন করি, বিক্রি করি মুনাফা অর্জনের লক্ষ্যে। এটা ব্যক্তিহিতকর ব্যবসা। আর সামাজিক ব্যবসা হচ্ছে পরহিতকর ব্যবসা, সমাজহিতকর ব্যবসা, যেখানে আমরা সমাজের অংশ হিসেবে সমাজের মঙ্গলের জন্য নিঃস্বার্থতার ভিত্তিতে কাজ করি। এখানে মুনাফালাভের কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, সামাজিক ব্যবসায় দুটি জিনিস জরুরি। সৃজনশীলতা এবং ব্যবসায়িক ভিত্তিত্তে সমস্যার সমাধান।
মুহাম্মদ ইউনূস জানান, পাঁচ শরও বেশি নবীন উদ্যোক্তা সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। ব্যবসায়িক চাহিদা অনুযায়ী ৩ লাখ, ৫ লাখ, ১০ লাখ টাকা করে ঋণ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের পরে শুধু মূল টাকাটা ফিরিয়ে দিলেই চলবে। ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে নজরদারির জন্য প্রতিদিনের জমা-খরচের পাঁচটি তথ্য মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানোর বিধান রয়েছে।
সামাজিক ব্যবসার উৎপত্তি, বিকাশ এবং প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরে মুহাম্মদ ইউনূস তাঁর বক্তৃতায় বলেন, ‘আমাদের দেশে অনেক তরুণ বেকার বসে আছে। পুঁজির অভাবে ব্যবসা করতে পারছে না। আমরা তাদের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।’
মতবিনিময় সভায় বক্তব্য দেন চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান, ব্যবস্থাপনা পরিচালক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, মতবিনিময় সভা আয়োজক কমিটির আহ্বায়ক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রমুখ। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সামাজিক ব্যবসার সূচনার কথা বলতে গিয়ে চট্টগ্রামের জোবরা গ্রামের মানুষের জীবনচিত্র তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে ঢাকায় একটি চক্ষু হাসপাতাল গড়ে তোলা হয়। এরপর বরিশাল, ঠাকুরগাঁও এবং সাতক্ষীরায় একই ধরনের হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, লক্ষ্য ছিল সামাজিক ব্যবসার মাধ্যমে যে টাকা বিনিয়োগ হয়েছে, তা যেন ফিরে আসে। প্রথম হাসপাতালটির খরচ চার বছরের মধ্যে উঠে আসে। দ্বিতীয় হাসপাতালটির খরচ তিন বছরের মধ্যে উঠে আসে।
মুহাম্মদ ইউনূস জানান, সামাজিক ব্যবসার নীতি অনুসরণ করে ঢাকায় গড়ে তোলা হয়েছে একটি নার্সিং কলেজ এবং র্যাং গস ও জাপানি একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় গড়ে তোলার প্রস্তুতি চলছে অটোমেকানিক ট্রেনিং স্কুলের। চট্টগ্রামে একটি নার্সিং কলেজ খোলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান,।
ভারত, কলম্বিয়া, হাইতি, ব্রাজিল, তিউনিসিয়া, উগান্ডাসহ বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা চালু রয়েছে বলে মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে জানিয়েছেন।