নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনের অপহরণ-খুনের ঘটনার পর র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদসহ তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তিন কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর দুজনকে অকালীন এবং নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার সেনা সদর দপ্তর ও নৌবাহিনী সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দুই বাহিনীর উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এই তিন কর্মকর্তা হলেন র্যাব-১১ এর সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা। তাঁরা অবসরের পর সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কিছু জানেন না বলে প্রথম আলোকে জানিয়েছেন। র্যাব কর্মকর্তারাও এ নিয়ে কোনো কথা বলতে চাননি।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সাতজনের মরদেহ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেছে নজরুলের পরিবার।
গত রোববার নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় কোটি টাকার বিনিময়ে র্যাবের তিন কর্মকর্তা ওই সাতজনকে অপহরণ ও খুন করেছেন।
এ অভিযোগ সম্পর্কে টেলিফোনে জানতে চাইলে তারেক সাঈদ রোববার প্রথম আলোকে বলেন, ‘সব বাহিনীর লোক মিলে এক সঙ্গে ঘুষ নেওয়া বাস্তবসম্মত নয়। তা ছাড়া ছয় কোটি টাকা অনেক টাকা। এতগুলো টাকা নিতে পিকআপ লাগার কথা। প্রশ্ন হলো, এত টাকা নিয়ে আমি কী করলাম। সে টাকা তো আমার কাছে থাকতে হবে। আমার মনে হয়, কাউকে বাঁচানোর জন্য এসব কথা বলা হচ্ছে। এসব কথাবার্তা তদন্তকে জটিল করে তুলবে।’
গতকাল রাতে সশস্ত্র বাহিনীর একটি উচ্চপর্যায়ের সূত্র প্রথম আলোকে জানায়, নারায়ণগঞ্জের ঘটনার পর তিন কর্মকর্তাকে গত ২৮ এপ্রিল স্ব স্ব বাহিনীতে ফেরত পাঠানো হয়। এরপরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার তিন কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়। এরপর বিকেলের দিকে তাঁদের অবসরের আদেশ পাঠানো হয়।
নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনের অপহরণ-খুনের ঘটনা নিয়ে ভাবমূর্তি সংকটে পড়েছে সরকার। একাধিক মন্ত্রী মনে করেন, সরকার গঠনের পর এর আগে সরকারকে এত বড় চাপের মুখে পড়তে হয়নি। গত সোমবার মন্ত্রিসভা কমিটি ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ ঘটনার সার্বিক তদন্তে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইভাবে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি ওই ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে মামলা তদন্ত করতেও নির্দেশ দেন আদালত। র্যাবের সাবেক বা বর্তমান কোনো সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বিভাগীয় তদন্ত করতে র্যাবের মহাপরিচালককেও (ডিজি) নির্দেশ দেওয়া হয়েছে।
ছয় কোটি টাকা ঘুষ নিয়ে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় র্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ তদন্ত করতে র্যাবের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের কমিটির প্রধান হলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন আহমেদ।