চাকরি গ্রামে, কাজ করেন শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

বিশেষজ্ঞ চিকিৎসক শ্রাবণী বড়ুয়ার মূল কর্মস্থল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এই জুনিয়র কনসালট্যান্ট সংযুক্তিতে সপ্তাহের চার দিন কাজ করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। ফটিকছড়িতে যান মাত্র দুই দিন। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ফটিকছড়ির রোগীরা।
শুধু শ্রাবণী বড়ুয়া নন, জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ২০ জন (কক্সবাজারে একজনসহ) জুনিয়র কনসালট্যান্ট প্রেষণে অথবা সংযুক্তিতে সপ্তাহের বেশির ভাগ সময় কাজ করছেন নগরের জেনারেল হাসপাতালে। চিকিৎসা কর্মকর্তা পদে প্রেষণে এই হাসপাতালে কাজ করছেন ২৪ জন। তাঁরা বেতন তোলেন মূল কর্মস্থল থেকে।
গ্রামে চিকিৎসকের সংকট থাকলেও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পদের তুলনায় চিকিৎসকের সংখ্যা বেশি। এই হাসপাতালে জুনিয়র কনসালট্যান্টের নয়টি পদের বিপরীতে আছেন ৩৭ জন। চিকিৎসা কর্মকর্তার পদ আছে ২৩টি, তবে কর্মরত আছেন ৪৭ জন। এ ছাড়া আছেন ৯ জন সিনিয়র কনসালট্যান্ট। তত্ত্বাবধায়কসহ এই হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ৯৪ জন। গড়ে প্রতিদিন রোগী ভর্তি থাকে ১৬০ থেকে ১৭০ জন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম বলেন, ‘২৫০ শয্যা অনুযায়ী এখনো জনবলকাঠামো ঠিক হয়নি। তাই কিছু চিকিৎসক সংযুক্তির মাধ্যমে এখানে আছেন। আর আমার এখানে জুনিয়র কনসালট্যান্টের চেয়েও বেশি দরকার মেডিকেল অফিসার।’
হাসপাতাল সূত্র জানায়, ১৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যার করা হলেও সে অনুযায়ী জনবলকাঠামো তৈরি করা হয়নি। ২৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী জুনিয়র কনসালট্যান্ট ১২ জন আর চিকিৎসা কর্মকর্তা থাকার কথা ৩৪ জন। বর্তমানে জুনিয়র কনসালট্যান্টের নয়টি পদের একটিও শূন্য নেই। তার সঙ্গে সংযুক্তি বা প্রেষণে ২০ জন এবং বিশেষ ভারপ্রাপ্ত হিসেবে আছেন আটজন জুনিয়র কনসালট্যান্ট। একইভাবে আবাসিক চিকিৎসা কর্মকর্তা, সহকারী রেজিস্ট্রার, সহকারী সার্জনসহ চিকিৎসা কর্মকর্তার ২৩টি পদের একটিও শূন্য নেই। তার বাইরে আরও ২৪ জন বিভিন্ন উপজেলা ও আরবান ডিসপেনসারি থেকে প্রেষণে অথবা সংযুক্তিতে এই হাসপাতালে কর্মরত আছেন।
জানতে চাইলে জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘সংযুক্তি বা প্রেষণে আরও বেশি চিকিৎসক ছিলেন। আমি এখানে যোগ দিয়ে আট মাসে অনেকের সংযুক্তি বাতিল করেছি। আরও বাতিল করে দেব।’
উপজেলায় চিকিৎসকের সংকট: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যখন ‘অতিরিক্ত’ চিকিৎসক, তখন উপজেলাগুলোতে চলছে চিকিৎসকের সংকট।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে ফটিকছড়ি, মিরসরাই, বাঁশখালী, পটিয়া, লোহাগাড়া ও বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা (ইওসি) দেওয়া হয়। এসব স্বাস্থ্যকেন্দ্রে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের ব্যবস্থা আছে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে বর্তমানে মিরসরাই ও বোয়ালখালী ছাড়া বাকি সবগুলোতে অস্ত্রোপচার কার্যত বন্ধ।
জরুরি প্রসূতিসেবার জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নিয়মিতভাবে প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জেনারেল হাসপাতালে সংযুক্ত জুনিয়র কনসালট্যান্ট শ্রাবণী বড়ুয়া সপ্তাহে দুই দিন ফটিকছড়িতে অস্ত্রোপচার করেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ফটিকছড়ির বিবিরহাট ২০ শয্যার হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (প্রসূতি) রওশন আরা বেগম সংযুক্তিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এ ছাড়া বাঁশখালী, পটিয়া ও লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি বিশেষজ্ঞ থাকলেও অবেদনবিদ নেই। এতে সেখানে প্রসূতিসেবা বন্ধ। এদিকে সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং দোহাজারী ৩১ শয্যার হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ জেনারেল হাসপাতালে সংযুক্তিতে আছেন। সন্দ্বীপ ও সাতকানিয়ায় অবেদনবিদ থাকলেও প্রসূতি বিশেষজ্ঞের পদ শূন্য। চন্দনাইশে প্রসূতি বিশেষজ্ঞ থাকলেও অবেদনবিদ নেই।
জানতে চাইলে সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘অবেদনবিদের অভাবে এখন আমরা ঠিকমতো প্রসূতিসেবা দিতে পারছি না। তিনজন মাত্র অবেদনবিদ আছেন। তাঁরা ঘুরে ঘুরে বিভিন্ন উপজেলায় সেবা দেন। সংযুক্তিতে থাকা চিকিৎসকেরা সপ্তাহে দুই দিন উপজেলায় গিয়ে সেবা দেন।’
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ১৪ উপজেলায় কাগজে-কলমে চিকিৎসকের পদ শূন্য ৮০টি। কিন্তু বাস্তবে তা আরও বেশি। কারণ উপজেলা থেকে সংযুক্তিতে জেনারেল হাসপাতালসহ নগরের বিভিন্ন হাসপাতালে চলে গেছেন অনেক চিকিৎসক। সবচেয়ে বেশি সংকট আছে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানকার আটটি জুনিয়র কনসালট্যান্টের মধ্যে চারটি পদ শূন্য। ৩১ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন মাত্র ১৯ জন।
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘গ্রামে কেউ থাকতে চান না। সবাই শহরমুখী। যদি গ্রামে চিকিৎসক ঠিকমতো সেবা দেন, তাহলে শহরের হাসপাতালে চাপ কমত। সবাই কাগজে-কলমে গ্রামে, কিন্তু কাজ করেন শহরে।’