চাকরি চুয়াডাঙ্গায় থাকেন চাঁদপুরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবিনা ইয়াসমিন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি স্বামীর সঙ্গে চাঁদপুরের হাজীগঞ্জে বসবাস করেন। এর পরও তিনি নিয়মিত বেতন-ভাতা ও সরকারি অন্যান্য সব সুযোগ-সুবিধা ভোগ করছেন।জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের সাবিনা ইয়াসমিন ২০০৮ সালের ৩ জানুয়ারি নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। যোগদানের পর চুয়াডাঙ্গা পিটিআইতে প্রেষণে বদলি হন। সেখান থেকেই ২০০৮ সালের ২৭ নভেম্বর মাতৃত্বকালীন ছুটিতে যান। ছুটি শেষে ২৮ মার্চ বিদ্যালয়ে যোগদান এবং ১৭ এপ্রিল পর্যন্ত পাঠদান করেন। এরপর বিভিন্ন অজুহাতে ১৮ এপ্রিল থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত থেকে ৬ অক্টোবর বিদ্যালয়ে যোগদান করেন। ৭ ও ৮ অক্টোবর নৈমিত্তিক ছুটি নিয়ে চিকিৎসা ছুটির নামে টানা এক বছর ১০ মাস অর্থাৎ ২০১১ সালের ১ জুলাই পর্যন্ত বিদ্যালয়ে অননুমোদিত অনুপস্থিত থাকেন। কর্মে অবহেলার বিষয়ে গত বছরের ২৫ জুলাই তদন্ত শুরু হয়। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুর রহমান তদন্ত শেষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ১৪ আগস্ট প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাবিনা ইয়াসমিন চিকিৎসক স্বামীর কর্মস্থল হাজীগঞ্জের চিকিৎসকদের দেওয়া ক্রনিক হেপাটাইটিস (জন্ডিস) রোগের সনদপত্র পাঠিয়েছেন। এ জন্য কখনো ডায়াবেটিস ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, কখনো শিশু ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আবার কখনো চর্ম ও যৌনরোগে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ২০০৯ সালের ২০ অক্টোবর সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সুপারিশ করেন। এর প্রায় সাত মাস পর ২০১০ সালের ৩০ মে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৈফিয়ত তলব করেন। সাবিনা জবাব না দিলেও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ২০১১ সালের ২১ জুলাই সাবিনা বিদ্যালয়ে যোগদান করেন। এরপর আবার চাঁদপুরে ফিরে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন জুলিয়া বলেন, ‘আমি ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর এখানে যোগদানের পর সাবিনা ইয়াসমিনকে মাত্র এক দিন বিদ্যালয়ে দেখেছি।’জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমন কুমার বলেন, সাবিনা ইয়াসমিন গত বছরের অক্টোবর মাস পর্যন্ত তাঁর বেতন-ভাতার সমুদয় অর্থ তুলেছেন। তবে নভেম্বর মাসে তিনি আর চাকরি করবেন না বলে একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন।’ এ বিষয়ে সাবিনা ইয়াসমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘চিকিৎসার কাগজপত্র দেওয়ায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বেতন-ভাতা নিয়ে কোনো অনিয়ম বা জটিলতা হলে জিপি ফান্ড থেকে সমন্বয় করে নেওয়া হবে।’