চাকরি জাতীয়করণের দাবি কমিউনিটি ক্লিনিকের কর্মচারীদের
চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা। দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শুক্রবার তাঁরা দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেন।
কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সৃষ্ট কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। উল্টো ট্রাস্ট গঠনের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা চলছে। এতে চাকরি হারাবেন হাজার হাজার লোক। গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন। তাই সবার স্বার্থেই তাঁদের চাকরি জাতীয়করণ করতে হবে।
বক্তারা কমিউনিটি ক্লিনিক চালু রাখা এবং কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে বলেন, ৫ অক্টোবরের মধ্যে দাবি না মানলে তাঁরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করেন জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত দেড় শতাধিক কর্মচারী। বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নামের সংগঠনের জেলা সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন কামরুল হাসান, অপূর্ব দাস, সাদ্দাম ইবনে মোস্তফা, নিত্যানন্দ সাহা প্রমুখ।
সিরাজগঞ্জ পৌর শহরের চার রাস্তা মোড়ে মানববন্ধন করা হয় সকাল সাড়ে ১০টায়। সিএইচসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমাম হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন শিফাত আহমেদ খান, বুলবুল আহমেদ ও শাহীন রেজা।
নাটোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ১৮৬ জন কর্মচারী অংশ নেন। বক্তব্য দেন খায়রুল ইসলাম, আলমগীর হোসেন, তানিয়া খাতুন, বিউটি খাতুন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করা হয় দুপুর ১২টায়। প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে বিভিন্ন উপজেলার শতাধিক কর্মচারী অংশ নেন। বক্তৃতা করেন আফাজ উদ্দীন, মাহফুজ রাইহান, আকবর আলী, আজম আলী প্রমুখ।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]