চাকরি জাতীয়করণের দাবি পুল শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন অস্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া পাবনার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুল শিক্ষকেরা।
গত সোমবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান শিক্ষকেরা।
লিখিত বক্তব্যে জেলা পুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ২০১১ সালে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁরা আবেদন করেন। এরপর ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাঁরা। নিয়ম অনুযায়ী তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু নিয়োগের সময় সারা দেশে ১৫ হাজার ১৯ জন চাকরি প্রার্থীকে পুল শিক্ষক হিসেবে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়। যাঁর মধ্যে পাবনায় নিয়োগ পান ৩৬৫ জন।
নিয়োগপত্রের শর্তে বলা হয়, পুলভুক্ত শিক্ষকেরা মেধাক্রমের ভিত্তিতে সর্বোচ্চ ছয় মাসের জন্য সাময়িকভাবে নিয়োগ পাবেন। যাঁদের মাসিক সম্মানী হবে ছয় হাজার টাকা। ওই মেয়াদ শেষ হলে প্রয়োজনে পুনর্নিয়োগ করা হবে। তবে দুটি নিয়োগের মাঝে সাত দিনের বিরতি থাকবে।
লিখিত বক্তব্যে বলা হয়, নিয়োগপ্রাপ্তির পর গত মার্চ মাসে সংস্থাপন মন্ত্রণালয় এক অধ্যাদেশের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে পুল শিক্ষকদের রাজস্ব খাতভুক্ত করার সুপারিশ করেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সুপারিশ বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো রাজস্ব খাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পুনরায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে পুলভুক্ত শিক্ষকেরা তাঁদের চাকরি নিয়ে অনিশ্চয়তার পড়েছেন। এ অবস্থায় পুল শিক্ষকদের চাকরি জাতীয়করণ না করা হলে সবাইকে পথে বসতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা পুল শিক্ষক সমিতির সদস্য ফারুক আহম্মেদ, মোহাম্মদ আলী, সাহা আলম ও মোমিনুল ইসলাম।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, নিয়োগের নির্দিষ্ট কোটা পূরণ হয়ে যাওয়ায় বাকিদের পুল শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শূন্য পদগুলোয় তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয়করণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে।