চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণসহ পেনশন প্রথা চালু করা, চাকরিবিধি সংশোধন, কালো আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সিটি করপোরেশন, পৌর কর্মচারী ফেডারেশন এবং কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সদস্যরা লালমনিরহাটে গত শনিবার মতবিনিময় সভা করেছেন।সকালে লালমনিরহাট মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌর কর্মচারী সংসদের সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারী। লালমনিরহাট পৌরসভার কর্মচারী সংসদ ওই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিটি করপোরেশন ও পৌর কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আখতার হোসেন দেওয়ান। সভায় বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করেন। দেশে এমনও অনেক পৌরসভা আছে, যেখানে ১৫-২০ মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে। তাঁরা অবসর গ্রহণের পর সঠিক সময়ে আনুতোষিক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পান না।বক্তারা আরও বলেন, দেশে স্বায়ত্তশাসিত কয়েকটি প্রতিষ্ঠান, যেমন—রাজউক, ওয়াসাসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ পেনশন প্রথা চালু রয়েছে। অথচ সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণ হয়নি এবং তাঁদের পেনশন প্রথাও চালু হয়নি। চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ের প্রয়োজনে তাঁরা দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন। রাজশাহী ও ঢাকা সিটি করপোরেশন এবং ৪২টি পৌরসভার পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ সভায় অংশ নেন।