চাকরি জাতীয়করণের দাবিতে ইউপি সচিবদের অবস্থান ধর্মঘট
চাকরি জাতীয়করণ করে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা)। আগামী ১৭ নভেম্বরের মধ্যে এ দাবি না মানলে পরদিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশন করার ঘোষণা দিয়েছেন তাঁরা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শেষে এ ঘোষণা দেওয়া হয়।দাবি আদায়ে গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করেন সারা দেশ থেকে আসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবেরা। বাপসার সভাপতি সোহেলুর রহমান বলেন, ইউপি সচিবদের বেতন ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে পর্যায়ক্রমে ১০০ ভাগ করার আশ্বাস দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, ইউপি সচিবদের চাকরি জাতীয়করণ করা ও তাঁদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী পরীক্ষাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৫ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে নির্দেশ এখনো ঝুলে আছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।