কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের এক চিকিৎসা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হলে গত রোববার তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। নিকলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান জানান, ধর্ষণের মামলা হওয়ায় উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. নাছির উদ্দিন ভূঁইয়াকে গত রোববার থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে গত রোববার দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ধর্ষণের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, মামলার অপর আসামি হারুন পলাতক। চাকরির প্রলোভন দেখিয়ে গত বৃহস্পতিবার এক তরুণীকে (২৫) দামপাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালান নাছির উদ্দিন। পরে শুক্রবার রাতে গ্রামের লোকজন ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেন। রাতেই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন শনিবার সন্ধ্যায় মেয়েটি বাদী হয়ে নাছির ও তাঁর সহযোগী হারুনকে আসামি করে নিকলী থানায় মামলা করেন।