চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে উধাও!
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ইয়ুথ ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক বেকারদের চাকরি দেওয়ার কথা বলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগীদের বিবরণ অনুসারে, অভয়নগরের পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের গাজী আতাউর রহমান গত জানুয়ারি থেকে কয়েক মাস ধরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় বসবাস করছেন। গত এপ্রিলে তিনি নওয়াপাড়া পৌর যুব সংহতির সভাপতি হন। জুনে তিনি পৌর যুব সংহতির কয়েকজন বেকার যুবককে চাকরির প্রলোভন দেখিয়ে নওয়াপাড়া বাজারে ভাড়া বাসায় ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান খোলেন। ওই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে এলাকার ২০ জন বেকার তরুণ-তরুণী ও শিক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ৩০ হাজার টাকা নেন। এ ছাড়া নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাধ্যমে সেলাই, কম্পিউটার, গবাদিপশু ও মৎস্য চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা বলে অন্য বেকারদের কাছ থেকে আরও ১০ লক্ষাধিক টাকা নেন।
প্রতিষ্ঠানে কর্মরত ২০ জন কর্মকর্তা ও কর্মচারী যোগদানের পর তিন মাস কোনো বেতন পাননি। তাঁদের অভিযোগ, বেতন চাইতে গেলে আতাউর নানা টালবাহানা করতে থাকেন। তবে চাপ সৃষ্টি করায় ৩ সেপ্টেম্বর আতাউর বেতন আনার কথা বলে ঢাকায় যান। এর পর থেকে তাঁর সন্ধান মিলছে না। পরে কর্মকর্তা-কর্মচারীরা আতাউরের নেহালপুর গ্রামের বাড়িতে গিয়ে জানতে পারেন, তিনি একজন প্রতারক।
ইয়ুথ ডেভেলপমেন্টের সমন্বয়কারী ও নওয়াপাড়া পৌর যুব সংহতির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘চাকরি বাবদ আমি আতাউরকে ৩০ হাজার টাকা দিয়েছি। এ ছাড়া বিভিন্ন প্রশিক্ষণের জন্য বেশ কিছু লোকের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা এনে তাঁকে দিয়েছি।’
ইয়ুথ ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের পরিচালক গাজী আতাউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।