চাকরি দেওয়ার কথা বলে অপহরণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফিরোজ কবীরকে (১৮) সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ পাঁচ মাসেও পুলিশ তাঁকে উদ্ধার করতে পারেনি৷
ফিরোজ কবীর উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখা গ্রামের খাইরুল ইসলামের ছেলে৷ এ ব্যাপারে অপহৃত ফিরোজ কবীরের মা ফজিলা বেগম বাদী হয়ে ৪ জুন আদিতমারী থানায় একটি অপহরণের মামলা করেছেন। মামলায় রংপুর সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য রবিউল ইসলামকে আসামি করা হয়েছে৷
ফজিলা বেগম বলেন, ‘রবিউল ইসলাম আমার চাচাতো বোনের স্বামী৷ তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বড়বিলা গ্রামের শওকত আলীর ছেলে৷ তিনি আমার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রস্তাব করেন৷ এ জন্য রবিউলকে আড়াই লাখ টাকা দিয়েছি। কিন্তু পাঁচ মাস ধরে ছেলের কোনো সন্ধান পাচ্ছি না৷’
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, রবিউল ইসলামকে গ্রেপ্তার ও অপহৃত ফিরোজকে উদ্ধারের চেষ্টা চলছে৷
গতকাল সোমবার যোগাযোগ করা হলে রংপুর সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং কোরের দায়িত্বশীল এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷ ওই কর্মকর্তা বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবার দেখা করলে আমরা তাদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিই৷ এ ছাড়া আমরাও রবিউল ইসলামকে খুঁজছি৷’
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আত্মীয়তার সূত্রে রবিউল ইসলাম ফজিলা বেগমের বাড়িতে যাতায়াত করতেন৷ একপর্যায়ে ফিরোজ কবীরকে সেনাবাহিনীতে চাকরির প্রস্তাব দেন রবিউল ইসলাম৷ এরপর তিনি ফিরোজ কবিরকে স্বাস্থ্য পরীক্ষা ও মাপজোক করার কথা বলে একাধিকবার রংপুর সেনানিবাসে নিয়ে যান। পরে পরিবারকে জানানো হয়, ফিরোজ কবীরের সেনাবাহিনীতে চাকরি হয়েছে৷ ২৪ জানুয়ারি তিনি ফজিলা বেগমের বাড়ি গিয়ে একটি নিয়োগপত্রও দেন। এ সময় ফিরোজের চাকরির জন্য রবিউলকে আড়াই লাখ টাকা দেওয়া হয়। ২৫ জানুয়ারি রাজশাহী সেনানিবাসে প্রশিক্ষণে পাঠানোর কথা বলে ফিরোজকে বাড়ি থেকে রংপুর নিয়ে যান রবিউল৷ পরের দিন ফিরোজের মা মুঠোফোনে যোগাযোগ করলে রবিউল জানান, ফিরোজকে রংপুর সেনানিবাসে রাখা হয়েছে। সেখান থেকে ফিরোজ রাজশাহী সেনানিবাসে চলে যাবে। তারপর দীর্ঘদিন ফিরোজের সঙ্গে পরিবারের কারও যোগাযোগ হয়নি৷
এ ব্যাপারে ফজিলা বেগম রবিউলের সঙ্গে যোগাযোগ করলে রবিউল জানান, প্রশিক্ষণের সময় বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায় না। এ ছাড়া পরিবারের লোকজনের বিশ্বাস অর্জনের জন্য ফিরোজ কবীরের সেনাবাহিনীর পোশাক পরা একটি ছবি বাড়িতে দেওয়া হয়৷ গত ২৩ মে রবিউল লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে শ্বশুরবাড়ি যান৷ এ সময় ফজিলা বেগম রবিউলের সঙ্গে দেখা করেন এবং ছেলেকে দেখার জন্য রবিউলের সঙ্গে রাজশাহী যান। রাজশাহী পৌঁছে ফজিলা সেনানিবাসের কাছে একটি রেস্তোরাঁয় খেতে যান৷ এই ফাঁকে রবিউল সেখান থেকে চলে যান। এর পর থেকে রবিউলের মুঠোফোন বন্ধ রয়েছে৷
পরে ফজিলা রাজশাহী সেনানিবাসে গিয়ে ফিরোজের সন্ধান করলে কর্তৃপক্ষ জানায়, এ নামে কোনো সদস্য এই সেনানিবাসে নেই৷ তখন নিয়োগপত্রটি দেখালে তারা জানায়, এটি জাল।
রাজশাহী থেকে ফিরে ফজিলা বেগম ২৮ মে রংপুর সেনানিবাসে গিয়ে ঘটনা জানান৷ সেখানে দায়িত্বরত কর্মকর্তারা জানান, রবিউল ইসলাম কয়েক দিন আগে দুই মাসের ছুটি নিয়ে চলে গেছেন৷ তাঁরা ফজিলা বেগমকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।