ঢাকার ধামরাইয়ে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গত বুধবার রাতে এক আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধামরাই থানার পুলিশ জানায়, কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ঢাকা জজকোর্টের আইনজীবী জাহাঙ্গীর আলম সিকদার এবং মানিকগঞ্জের আরিফুল ইসলাম ও আসলাম মিয়া গত বছরের অক্টোবরে ধামরাই উপজেলার অর্জুনালাই গ্রামের আসলাম আলী ও আবদুল বারেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। চাকরি না হওয়ায় তাঁরা (আসলাম আলী ও বারেক) টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দিয়ে তাঁরা নানাভাবে সময়ক্ষেপণ করতে থাকেন। এ ঘটনায় আসলামের চাচাতো ভাই মনোয়ার হোসেন বুধবার ধামরাই থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে জাহাঙ্গীর, আরিফুল ও আসলাম মিয়াকে গ্রেপ্তার করে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পুলিশ এক লাখ টাকা উদ্ধার করেছে। তাঁদের মধ্যে জাহাঙ্গীর ও আসলাম মিয়ার সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল তাঁদের ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত রোববার শুনানির দিন ধার্য করেছেন। আর আরিফুল ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে দোষ স্বীকার করায় তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন আদালত।