চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা নিয়েছে ভুয়া সংস্থা
জামালপুরে ইউনিসেফের আর্থিক সহায়তায় আর্সেনিক প্রকল্পে চাকরি দেওয়ার নামে একটি বেসরকারি সংস্থা দুই শতাধিক নারী-পুরুষের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ায় ‘ইকোয়ালিটি ডেভেলপমেন্ট অরগানাইজেশন’ নামের ওই সংস্থাটি তাদের কার্যালয় গুটিয়ে গা ঢাকা দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, কর্মীদের নিয়োগপত্রে ‘ইকোয়ালিটি ডেভেলপমেন্ট অরগানাইজেশন’ সংস্থাটির বর্তমান কার্যালয় সদর উপজেলার ধুপাকুড়ি গ্রাম উল্লেখ রয়েছে। কিন্তু গতকাল ওই গ্রামে সংস্থাটির হদিস পাওয়া যায়নি। চাকরিপ্রত্যাশীরা জানান, শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার খলিলুর রহমান শেখ নামের এক ব্যক্তি ওই সংস্থার পরিচালক। তিনি গত ১ অক্টোবর স্থানীয় কুলি সরদার ওমর আলী ও অবসরপ্রাপ্ত ব্র্যাককর্মী আনিসুর রহমানের সহায়তায় সদর উপজেলার কাচাসরা গ্রামে লুৎফর রহমানের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। দুই মাস ধরে তারা সদর উপজেলার ১৫টি ইউনিয়নে আর্সেনিকমুক্তকরণ প্রকল্প কার্যক্রম এবং উচ্চ বেতনে কর্মকর্তা ও কর্মী নিয়োগ দেওয়ার প্রচারণা চালায়। স্থানীয়দের অভিযোগ, সংস্থাটি সুপারভাইজার পদে নয় হাজার ৬০০ টাকা এবং মাঠকর্মী পদে ছয় হাজার ৬০০ টাকা বেতনের প্রলোভন দেখায়। সুপারভাইজার পদে তিন হাজার টাকা এবং মাঠকর্মী পদে এক হাজার ৫০০ টাকা করে উৎকোচ নিয়ে দুই শতাধিক দরিদ্র নারী-পুরুষের কাছ থেকে তারা প্রায় পাঁচ লাখ টাকা নিয়েছে। নিয়োগপত্রে গত ১ অক্টোবর থেকে ৭ অক্টোবরের মধ্যে কাজে যোগদান করার কথা থাকলেও সংস্থাটির কার্যালয় গুটিয়ে নেওয়ায় তাঁরা হতাশায় ভুগছেন। মঙ্গলপুর গ্রামের কলেজছাত্রী আফসানা আফরিন অভিযোগ করে বলেন, ‘অনেক কষ্ট করে টাকা দিয়েও এখন দেখাতাছি চাকরির কোনো খবর নাই।’ একই গ্রামের রাবেয়া খাতুন, নুরুন্নাহার বেগম, মোর্শেদা আক্তার, নাছিমা খাতুন, সানোয়ার হোসেন, নজরুল ইসলাম ও চান মিয়া বলেন, প্রত্যেককে একটি করে নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে দুই কপি করে পাসপোর্ট আকারের ছবি, জন্মনিবন্ধন সনদ, ভোটার পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাসনদের ফটোকপি জমা নেওয়া হয়েছে। তাঁদের ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাসিক বেতন-ভাতা প্রদানের আশ্বাসও দেওয়া হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্কলনিক সেকান্দর আলী বলেন, ‘কোনো সংস্থা আর্সেনিক বিষয়ে স্বতন্ত্রভাবে কাজ করলেও আমরা জেনে থাকি। ইকোয়ালিটি ডেভেলপমেন্ট অরগানাইজেশন নামের কোনো সংস্থা আর্সেনিক প্রকল্প পেয়েছে, তা আমাদের জানা নেই।’ জামালপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম জাহাঙ্গীর জানান, ওই সংস্থার নামে নিবন্ধিত কোনো সংস্থা জামালপুরে নেই। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) লুৎফুন নাহার জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ওই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।