চাকরি দেওয়ার কথা বলে ২৪ লাখ টাকা নিয়ে উধাও!
নাটোরের বড়াইগ্রামে খাদ্য বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে একজন আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছয়জনের কাছ থেকে ওই টাকা নেওয়া হয়েছে।টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের আহাদ আলী সরকারের ছেলে।বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান কয়েক বছর আগে বড়াইগ্রামের গোধড়া গ্রামে বিয়ে করেন। বিয়ের পর তিনি খাদ্য অধিদপ্তরের উপপরিচালক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি ওই এলাকায় খাদ্য পরিদর্শক ও উপসহকারী খাদ্য পরিদর্শক পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ছয়জনের কাছ থেকে টাকা নেন।বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, চাকরি পাওয়ার আশায় উপজেলার লক্ষ্মীচামারী গ্রামের হাফিজুর রহমান চার লাখ ৩৫ হাজার, মহিষভাঙ্গা গ্রামের আবদুল খালেক পাঁচ লাখ ১০ হাজার, ভবানীপুর গ্রামের শামসুল ইসলাম দুই লাখ ৮০ হাজার, ধানাইদহ গ্রামের রাকিবুল ইসলাম পাঁচ লাখ ১৫ হাজার, গোধড়া গ্রামের মিজানুর রহমান চার লাখ ২০ হাজার এবং আবদুল্লাহ আল মামুন দুই লাখ ১০ হাজার টাকা হাবিবুর রহমানকে দেন।প্রায় এক মাস আগে তিনি এসব টাকা নিয়ে ঢাকায় যাওয়ার কথা বলে বড়াইগ্রাম ছাড়েন। এর পর থেকে তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করছেন না। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। প্রতারণার শিকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমিসহ ছয়জন বেকার তরুণ দেড় শ টাকার স্ট্যাম্পে লেখাপড়া করে প্রায় ২৪ লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু চাকরি পাইনি। প্রতারক হাবিবুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে গা-ঢাকা দিয়েছে।’বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।