চাকরি দেওয়ার কথা বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার দরিদ্র পরিবারের এক কিশোরীকে (১৬) চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে জোরপূর্বক অসামাজিক কাজ করতে বাধ্য করেছে একটি প্রতারক চক্র। দুই মাস বন্দী থাকার পর কৌশলে পালিয়ে এসে ওই কিশোরী পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেছে।মামলার পর প্রতারক চক্রের ভাড়াটিয়া সন্ত্রাসীরা মামলা প্রত্যাহারের জন্য ওই কিশোরী ও তার পরিবারকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গত মঙ্গলবার বিকেলে মামলাটির আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছে মানবাধিকার সংগঠন বরিশাল লিগ্যাল এইড। ওই কিশোরী জানায়, তাদের পাঁচ সদস্যের সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার দিনমজুর বাবা। নবম শ্রেণীতে পড়ার পর অভাবের কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এ সময় বাবাকে সাহায্য করতে সে চাকরি পাওয়ার চেষ্টা করে। এই সুযোগে তাকে ভালো বেতনে ঢাকায় ভালো চাকরি দেওয়ার কথা বলে উপজেলার নাথারকান্দি গ্রামের পুতুল হালদার ৩০ এপ্রিল তাকে গাজীপুরে নিয়ে যান। সেখান থেকে ১০ মে রাতে অপরিচিত এক নারী ও এক পুরুষ এসে চোখ ও মুখ বেঁধে জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা জানান, পুতুল এক লাখ টাকায় তাকে বিক্রি করে দিয়েছে। সেই থেকে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে রেখে জোর করে তাকে দিয়ে অসামাজিক কাজ করানো হয়। দুই মাস পর কৌশলে এক খদ্দেরের সহায়তায় ২৭ জুন সে পালিয়ে বাড়িতে এসে বিষয়টি পরিবার ও গ্রাম্য মাতবরদের জানায়।কিশোরী ও তার বাবা জানান, আসামির ভাড়াটে সন্ত্রাসীরা মামলা প্রত্যাহার করার জন্য তাঁদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলামকে ৬ আগস্ট লিখিতভাবে জানানো হয়েছে।এ ব্যাপারে পুতুল হালদারের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছ।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগের সত্যতা আছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।