চাকরি দেওয়ার নামে দেড় কোটি টাকা আত্মসাৎ
নীলফামারীর সৈয়দপুরে এক ব্যক্তি প্রতারণার মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। সৈয়দপুর শহরের বিপণিবিতান সৈয়দপুর প্লাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে গত বৃহস্পতিবার ১২ ঘণ্টা আটক থাকার পর তিনি কৌশলে পালিয়ে যান। ওই প্রতারকের নাম নূরে আলম সিদ্দিকী। তিনি শহরের সেনানিবাসসংলগ্ন কদমতলি মহল্লার বাসিন্দা।ভুক্তভোগী ব্যক্তিদের বরাত দিয়ে সৈয়দপুর প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, নূরে আলম সিদ্দিকী সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে একেকজনের কাছ থেকে দুই লাখ থেকে ১০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। ১২ এপ্রিল অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার পর রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারীর সদর, সৈয়দপুর, কিশোরগঞ্জ, দিনাজপুরের খানসামা, চিরিরবন্দর উপজেলার ২১ জন প্রার্থীকে চাকরি দেওয়ার নামে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছেন। নীলফামারীর মোহাব্বত আলী অভিযোগ করেন, তাঁর মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়ার নামে নূরে আলম দেড় লাখ টাকা ঘুষ নিয়েছেন। তাঁর (মোহাব্বত) জামাতা শফিকুল ইসলামের কাছ থেকেও নূরে আলম তিন লাখ টাকা ঘুষ নিয়েছেন। সৈয়দপু েরর খাতামধুপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম অভিযোগ করেন, পুলিশে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন নূরে আলম।শফিকুল ইসলাম বলেন, ‘প্রতারিত মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে মার্কেটে অবস্থানকালে নূরে আলমকে আমরা আটকে ফেলি। এরপর খবর পেয়ে প্রতারণার শিকার অনেক লোক এখানে ভিড় জমায়।’বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই বিপণিবিতানের দোতলায় গিয়ে দোকান মালিক সমিতির কার্যালয়ের সামনে প্রতারণার শিকার মানুষের জটলা চোখে পড়ে। সমিতির সভাপতি বলেন, ‘প্রতারণার শিকার লোকজনের একটি তালিকা আমরা তৈরি করেছি। এতে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।’সেখানে রংপুরের তারাগঞ্জ উপজেলার ভীমপুর গ্রামের আবদুল করিম জানান, তারাগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ পদে তাঁকে ভুয়া নিয়োগ দেওয়া হয়েছে। অথচ নূরে আলম সিদ্দিকী ওই পদে নিয়োগের জন্য তাঁর কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা নিয়েছেন।নূরে আলম সিদ্দিকী প্রতারণার কথা স্বীকার করে বলেন, ‘যাদের টাকা নিয়েছি তা সুদে-আসলে ফিরিয়ে দেওয়া হবে। আমি সচ্ছল ব্যক্তি। তবে ধনীরাও মাঝেমধ্যে বিপদে পড়ে। নতুন একটি ব্যাংকের নাম উল্লেখ করে বলেন, ওই ব্যাংকে ২০ কোটি টাকার শেয়ার নিয়েছি, এ জন্য টাকার প্রয়োজন। তাই এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে ১০-১২ লাখ টাকা নিয়েছি। ১২ ঘণ্টা আটক থাকার পর রাত দেড়টার দিকে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে যান নূরে আলম। অভিযোগ রয়েছেম, তাঁকে পালাতে সহায়তা করেছেন ওই বিপণিবিতানেরই কতিপয় ব্যবসায়ী।