চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩
পুলিশের চাকরি দেওয়ার নামে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুরে গত সোমবার রাতে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আটটার দিকে রংপুর শহরের কাচারিবাজারের মৌবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে জেলার মিঠাপুকুর উপজেলার আবদুর রহমানের ছেলে আশিকুর রহমানের সঙ্গে তিন লাখ টাকা দফারফার জন্য চুক্তি করছিলেন। তখন আশিকুরের লোকজন গোয়েন্দা পুলিশকে খবর দেন। পুলিশ মৌবন হোটেল থেকে রংপুর সদর উপজেলার মধ্যপীরজাবাদপাড়ার আজিমুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সে রাতেই সদর উপজেলার দামোদরপুর এলাকার আবদুল হাকিম (৩৫) ও মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকার আসাদুজ্জামানকে (৩২) গ্রেপ্তার করা হয়।গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মাহফিজ জানান, আজ বুধবার রংপুরে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। এ পদে চাকরির প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা প্রতারণা করার সময় হাতেনাতে ধরা পড়েন তাঁরা। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রতারণা আইনে একটি মামলা হয়েছে।