চাকরি দেওয়ার নামে প্রতারণা শিক্ষক আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে পাঁচ লাখ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে পুলিশ গতকাল শুক্রবার সানোয়ার হোসেন (৪০) নামে এক শিক্ষককে আটক করেছে।সানোয়ার আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের বাসিন্দা ও এনায়েতপুর-বারাদী মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।আলমডাঙ্গা স্টেশনপাড়ার আবু জাফর (৩০) জানান, তাঁর স্ত্রী শারমিন আক্তারকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির জন্য সানোয়ার হোসেন সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তাঁর খুবই ঘনিষ্ট। পাঁচ লাখ টাকা দিলে চাকরির নিশ্চয়তা দেওয়া যাবে। তাঁর কথামতো আবু জাফর গত বছরের জুলাই মাসে সানোয়ারকে পাঁচ লাখ টাকা দেন। সানোয়ার টাকা নেওয়ার সময় নিশ্চয়তা দিয়ে বলেন, চাকরি দিতে না পারলে টাকা ফেরত দেওয়া হবে। টাকা ফেরতের নিশ্চয়তা হিসেবে সানোয়ার পাঁচ লাখ টাকার একটি চেক আবু জাফরকে দেন। এদিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের ফলাফল প্রকাশিত হয়। কিন্তু শারমিন আক্তারের রোল নম্বর না থাকায় আবু জাফর সানোয়ার হোসেনের কাছে ছুটে যান। সানোয়ার এ সময় তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। এ কারণে তিনি গতকাল থানায় অভিযোগ করেন।আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘সানোয়ার হোসেনকে আটক করা হয়েছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।’