চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলায় এক আওয়ামী লীগের নেতা গরিব পরিবারের মেয়েকে তালতা উচ্চবিদ্যালয়ের লাইব্রেরিয়ান পদে চাকরি দেওয়ার নাম করে এক লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, ‘আবদুল মান্নান ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে এভাবে টাকা নেওয়ার আরও অভিযোগ আছে। এতে দলের দুর্নাম হচ্ছে।’উপজেলার মির্জাপুর গ্রামের আশরাফ আলী বলেন, ‘উপজেলার তালতা গ্রামের আবদুল মান্নান নিজেকে তালতা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য পরিচয় দেন। তিনি আমার কলেজপড়ুয়া মেয়ে আসমা খাতুনকে ওই স্কুলের লাইব্রেরিয়ান পদে চাকরি দেওয়ার নাম করে প্রায় এক বছর আগে এক লাখ ৫০ হাজার টাকা নেন। এমনকি স্কুলের উন্নয়নের জন্য আমার তিনটি আকাশমণি গাছ কেটে নিয়ে যান। কিন্তু পরে আমরা জানতে পারি, ওই পদে অন্য একজনের চাকরি হয়েছে। তখন আমরা টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা করতে থাকেন। কোনো উপায় না দেখে ৭ মার্চ থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দিই। এর পর থেকে আবদুল মান্নান উল্টো আমাকেই ভয়ভীতি দেখিয়ে আসছেন।’মেয়ের মা মাজেদা খাতুন বলেন, ‘মেয়ের চাকরি হুলে আমাগো কষ্ট ঘুঁচবি। এই আশাত ধারদেনা করে টাকা দিছি। এখুন চাকরি না হওয়াত না খাইয়া পরের টাকা শুধ (শোধ) করতে হচ্ছে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘আবদুল মান্নান বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নন। সম্প্রতি কোনো হিতৈষী ব্যক্তির দান করা গাছের কাঠ দিয়ে স্কুলের উন্নয়নকাজ করা হয়নি। আর লাইব্রেরিয়ান পদে অন্য এক প্রার্থীর প্রায় এক বছর আগে চাকরি হয়েছে।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারেজ উদ্দিন একই ধরনের কথা বলেন।আবদুল মান্নান টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি এখন ওই স্কুলের পরিচালনা কমিটির সদস্য নই। বিগত সময়ে ছিলাম।’ থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বায়োজিদ বলেন, ‘অভিযোগের তদন্ত করছি। উভয় পক্ষকে থানায় এনে মুখোমুখি করার ব্যবস্থা নিচ্ছি।’