চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত মঙ্গলবার মানিকগঞ্জে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের পীরগাছা উপজেলার তাম্বলপুর গ্রামের বাসিন্দা ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী লিটন মিয়া, একই উপজেলার তেওয়ানা গ্রামের আবু তালেব ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার মনিরাম গ্রামের আবদুর রহিম।মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের কর্মী লিটন মিয়া কনস্টেবল পদে চাকরির তদবিরের জন্য মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না গ্রামের কলিম উদ্দিনের ছেলে মামুন হোসেনকে নিয়ে গত মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পুলিশ সুপার শেখ মারুফ হাসানের সঙ্গে দেখা করেন। এ সময় সরকারের পদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে মামুনকে কনস্টেবল পদে চাকরি দেওয়ার জন্য পুলিশ সুপারকে অনুরোধ জানান লিটন। তখন পুলিশ সুপারের সন্দেহ হলে লিটনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। লিটন চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মামুনের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। ওই টাকা তিনি আবদুর রহিম নামের একজনকে দিয়েছেন বলে জানান। এরপর লিটন চলে গেলেও পুলিশ তাঁকে অনুসরণ করতে থাকে।পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মোবাইল ফোনে ফাঁদে ফেলে লিটনের সহযোগী আবদুর রহিম ও আবু তালেবকে ঢাকা থেকে মানিকগঞ্জ শহরে এনে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার করা হয় লিটনকে।মামুন হোসেন জানান, চাকরি পাওয়ার আশায় লিটনকে তিনি দেড় লাখ টাকা দিয়েছেন। চাকরি নিশ্চিত হওয়ার পর আরও এক লাখ টাকা দেওয়ার কথা ছিল। পুলিশি হেফাজতে আবদুর রহিম জানান, টাঙ্গাইলের এক সাংসদের এপিএসের মাধ্যমে বিভিন্ন সময়ে পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীতে লোক নিয়োগের জন্য তদবির করে থাকেন। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে দুই থেকে আড়াই লাখ করে টাকা নেন। সেখান থেকে তিনি কমিশন পান। আবদুর রহিমের কাছ থেকে গাইবান্ধা, দিনাজপুর ও রাজশাহী জেলায় কনস্টেবল পদে চাকরিপ্রার্থী বেশ কয়েকজনের জীবনবৃত্তান্ত উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারের কলিম উদ্দিন বাদী হয়ে প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।