চাকরি দেওয়ার নামে ভারতে পাচার
কাজ দেওয়ার নামে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাদ্দাম হোসেন (১৬) নামের এক কিশোর ও নবাবগঞ্জ উপজেলার এক নারীকে (২২) ভারতে পাচার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।হাকিমপুরের খট্টামাধপপাড়া ইউনিয়নের নয়ানগর গ্রামের সাদ্দাম হোসেনের মা ফেরদৌসী বেগম জানান, গত ৫ বৈশাখ পাশের খট্টাগ্রামের সখিনা বেগম তাঁর (ফেরদৌসীর) ছেলে সাদ্দামকে হিলিতে একটি কারখানায় পাঁচ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যান। এক সপ্তাহ পর সাদ্দাম তার মাকে ফোন দিয়ে জানায়, দালালেরা তাকে ভারতের দিল্লিতে নিয়ে গেছে। সেখানে জোর করে তাকে দিয়ে নির্মাণশ্রমিকের কাজ করানো হচ্ছে। এর কয়েক দিন পর সাদ্দাম আবারও ফোন করে জানায়, তার মতো আরও অনেক বাংলাদেশি দালালদের খপ্পরে পড়ে সেখানে নির্মাণশ্রমিকের কাজ করতে বাধ্য হচ্ছে। সাদ্দামের বড় ভাই লাল মিয়া বলেন, তাঁরা সাদ্দামকে ফিরিয়ে আনার জন্য সখিনাকে চাপ দিতে থাকলে সখিনা টালবাহানা করতে থাকেন। তাঁদের বাবা থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।নবাবগঞ্জ উপজেলার ৪ নং পুটিমারা ইউনিয়নের সরাইপাড়া গ্রামের ওই নারীর বাবা অভিযোগ করেন, গত চৈত্র মাসে প্রতিবেশী মোজামের স্ত্রী নূরছাপা বেগম তাঁর মেয়েকে চাকরি দেওয়ার কথা বলে ভারতে পাচার করে দেন। পরে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য নূরছাপাকে বললে তিনি টালবাহানা করতে থাকেন। নূরছাপা বলেন, তাঁর আত্মীয় হাকিমপুর উপজেলার খট্টাগ্রামের সখিনা বেগম ও তাঁর ননদ জয়পুরহাটের মিল্কী বেগমের মাধ্যমে মরিয়মসহ পাশের কয়েকটি গ্রামের আরও আট ব্যক্তি ছয় মাসের একটি প্যাকেজ কাজের জন্য ভারতের দিল্লিতে যায়।সাদ্দাম ও মরিয়মকে ভারতে পাঠানোর কথা স্বীকার করে সখিনা বেগম দাবি করেন, তাদের ভালো কাজের জন্য পাঠানো হয়েছিল। যেখানে তাদের পাঠানো হয়েছিল সেখান থেকে তারা পালিয়ে অন্যত্র চলে যায়। পরে তাদের খোঁজ পাওয়া যায়নি।