চাকরি দেওয়ার নামে সেনাসদস্যের বাণিজ্য
পদ্মা সেতু প্রকল্পে শ্রমিকের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কিশোরগঞ্জের কটিয়াদীর দেড় শতাধিক যুবকের কাছ থেকে অন্তত অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে৷ এক মাস আগে হাদিউল ইসলাম নামের এক সেনাসদস্যের নেতৃত্বে কটিয়াদীতে একটি প্রতারক চক্র এ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে৷
চাকরি না দিয়ে উধাও হয়ে যাবেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর চাকরিপ্রত্যাশীরা চার দিন আগে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনেন। হাদিউল সিলেট শাহজালাল সেনানিবাসে সৈনিক পদে কর্মরত আছেন। তাঁর বাড়ি উপজেলার মসুয়া ইউনিয়নের তাতারকান্দা গ্রামে।
এদিকে এমন অভিযোগ পাওয়ার পর গত শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর সদস্যরা এসে নিজ বাড়ি থেকে হাদিউল ইসলামকে ময়মনসিংহ সেনানিবাসে নিয়ে যান। সেখানে তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
পুলিশ ও চাকরিপ্রত্যাশীরা জানান, হাদিউল ইসলাম দুই মাসের ছুটি নিয়ে এক মাস ধরে গ্রামে আছেন। ভগ্নিপতি জাকির মোল্লাকে নিয়ে পদ্মা সেতু প্রকল্পে শ্রমিক নিয়োগ দেওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আনেন। জাকির মোল্লার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। প্রথমে প্রচারণা চালান মুখে মুখে। পরে মাইকিং করে উপজেলাময় ছড়িয়ে দেন। এরপর শত শত চাকরিপ্রত্যাশী হাদিউল ইসলামের মুঠোফোনে ও বাড়িতে এসে িভড় করেন। প্রতি শ্রমিক পদের জন্য তিনি ৫০ হাজার টাকা দাবি করেন। এর বিনিময়ে প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন পাওয়ার আশ্বাস দেওয়া হয়। িবমা ও অন্যান্য খরচ বাবদ প্রথমে জনপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা করে নেন। অনেকে একসঙ্গে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। তবে রসিদ দেওয়া হয়নি।
এক সপ্তাহ আগে থেকে হাদিউল ও জাকির মোল্লা জনসমক্ষে খুব একটা আসছিলেন না। এ কারণে চাকরিপ্রত্যাশীদের মনে সন্দেহ দেখা দেয়। চাকরি না দিয়েই হাদিউল ও তাঁর অনুগতরা পালিয়ে যেতে পারেন—কয়েক দিন আগে থেকে এমন খবর ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর উপজেলা প্রশাসন প্রতারণার ফাঁদে পা না দিতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে সভা করে তাঁদের নিজ নিজ ইউনিয়নে প্রচারণা চালানোর দায়িত্ব দেন।
কটিয়াদী থানার উপপরিদর্শক শাহ আলী বলেন, গতকাল উপজেলার তাতারকান্দি, মুগদিয়া, চরবেতাল এলাকার ২০ জন ভুক্তভোগীর নাম লিপিবদ্ধ করা হয়েছে।