চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক দিনমজুরকে ভারতে পাচার করার অভিযোগ পাওয়া গেছে। পাচার হওয়া ওই ব্যক্তির নাম আরিফ হোসেন (২২)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পূর্ব শাপলেজা গ্রামের ছগির মিয়ার ছেলে। এ ঘটনায় ছগির মিয়া গত ২০ অক্টোবর বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ছগির মিয়া জানান, তিনি পিরোজপুর শহরে বাসা ভাড়া করে থাকেন। আরিফ ও তিনি দুজনেই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ৫ অক্টোবর বাগেরহাটের ষাটগম্ভুজ ও খানজাহান আলীর মাজার দেখার জন্য আরিফ বাগেরহাটে যান। সেখানে খুলনার রূপসার কিসমত এলাকার ইদ্রিস মাস্টারের ছেলে শামীম হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে শামীম তাঁকে চাকরি দেওয়ার কথা বলে ভারতের মাদ্রাজ শহরে নিয়ে যান এবং সেখানে ত্রিপুরা নামক স্থানে আটকে রাখেন। ১০ অক্টোবর আরিফ ফোন করলে এ ব্যাপারে তিনি নিশ্চিত হন। ফোনে আরিফ তাঁকে বিস্তারিত জানিয়েছেন।
ছগির মিয়া বলেন, ‘আরিফের দেওয়া ফোন নম্বর থেকে আমি শামীমের সঙ্গে কথা বললে শামীম আমাকে জানান, ‘তাঁরা আরিফকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাননি। তবে এ মুহূর্তে আরিফকে দেশে পাঠাতে হলে ১৫ হাজার টাকা দিতে হবে।’
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন। তা ছাড়া জিডিতে উল্লেখ করা মুঠোফোনের নম্বরগুলো শনাক্ত করার জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।