চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান: আবেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন চাকরিপ্রার্থী ও উদ্যোক্তারা। ছবি: সাজিদ হোসেন
মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন চাকরিপ্রার্থী ও উদ্যোক্তারা। ছবি: সাজিদ হোসেন

পড়াশোনা শেষে তরুণদের শুধু চাকরি না খুঁজে বরং নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। আজ শুক্রবার ব্র্যাক ইউনিভার্সিটি-প্রথম আলো জবস ক্যারিয়ার ফেয়ার-২০১৪ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
‘ট্যাকলিং গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট’ স্লোগান নিয়ে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সকাল ১০টায় দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন হয়। মেলায় ৫০টি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হাসান আবেদ বলেন, আমাদের উচ্চ শিক্ষিত তরুণদের শুধু চাকরি খুঁজলেই হবে না। অন্যের চাকরির সংস্থান করতে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে যাঁরা উচ্চশিক্ষা নিয়ে বের হন, তাঁদের মধ্যে ৪০ শতাংশ নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন। তাঁরা মার্কিন অর্থনীতিতে ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি যোগ করেন।
এই মেলায় যাঁরা অংশ নেবেন তাঁরা শুধু অন্যের চাকরি করার মানসকিতা নিয়ে আসবেন না। নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মনোভাব থাকতে হবে।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, আইএলওর হিসাব মতে, বাংলাদেশের তিন কোটি লোক বেকার। এর মধ্যে ৪৭ শতাংশই উচ্চ শিক্ষিত। ফলে এই তরুণদের নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘আমরা প্রতিষ্ঠান চালাতে গিয়ে দেখেছি, অনেক ক্ষেত্রে যোগ্য লোক পাওয়া যায় না। ফলে এ ধরনের মেলার মাধ্যমে আমরা চাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যোগ্য মানুষ গড়ে উঠুক।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ, প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন।

এদিকে মেলার প্রথম দিন সকালে কয়েক শ তরুণ-তরুণী আবার অনেকে তাঁদের অভিভাবকদের নিয়ে মেলায় আসেন। তাঁরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তাঁরা স্টলে রাখা বাক্সে তাঁদের জীবনবৃত্তান্ত জমা দেন। মেলায় বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। মেলায় আগমনকারীরা এতে অংশ নিতে পারবেন।