চাকরি না পেয়ে ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার অধ্যক্ষকে মারধর!
চাকরি না পেয়ে এক ব্যক্তি গত শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার খোশবাজার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অধ্যক্ষ মো. খায়রুজ্জামান ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সূত্রে জানা যায়, খোশবাজার আলিয়া মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদে লোক নিয়োগের জন্য কিছু দিন আগে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই পদে ১২ জন প্রার্থী আবেদন করেন। গত ২১ অক্টোবর দিনাজপুর সরকারি কলেজে নিয়োগ পরীক্ষা হয়। এতে ছয়জন প্রার্থী অংশ নেন। শনিবার বিকেলে ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু এর আগেই চাকরিপ্রার্থী সদর উপজেলার দেবীপুর গ্রামের ওষুধ ব্যবসায়ী মো. মোক্তারুজ্জামান খবর পান তিনি পরীক্ষায় উত্তীর্ণ হননি। দুপুরে তিনি মাদ্রাসার অধ্যক্ষ মো. খায়রুজ্জামানের অফিস কক্ষে ঢুকে তাঁকে মারধর করেন। এতে অধ্যক্ষ অচেতন হয়ে মাটিতে পড়ে যান। মোক্তারুজ্জামান পালিয়ে গেলে অন্যান্য শিক্ষক এসে অধ্যক্ষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করান। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, সরকারি সব বিধি মেনে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। মোক্তারুজ্জামানের যোগ্যতার ঘাটতি ছিল বলে তাঁর চাকরি হয়নি। মুক্তারুজ্জামান পাল্টা অভিযোগ করেন, ‘অধ্যক্ষকে এক লাখ টাকা দিয়ে চাকরির জন্য হাত-পা ধরে অনুরোধ করেছিলাম। কিন্তু অন্যের কাছ থেকে বেশি টাকা নিয়ে তাঁকে চাকরি দেওয়া হলে আমার রাগ হয়। তাই অধ্যক্ষের কাছে পাওনা টাকা ফেরত নিতে তাঁর অফিস কক্ষে গিয়েছিলাম। এ সময় তাঁকে ধমক দিলে তিনি ভয়ে অচেতন হয়ে পড়েন।’ হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ খায়রুজ্জামান চাকরির বিনিময়ে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চাকরি দেওয়া হয়েছে। সেখানে কোনো অনিয়ম হয়নি। চাকরি না পেয়ে মোক্তারুজ্জামান আমার ওপর হামলা চালায়।’