চাকরি নিয়মিতকরণ নিয়ে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ী করা নিয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১০৯ জন কর্মচারীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।বোর্ড কর্তৃপক্ষ বলছে, আদালত ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৮৫ জন কর্মচারীর চাকরি নিয়মিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অমান্য করে এই উদ্যোগ নেওয়া হয়েছে দাবি করে বাদ পড়া ২৪ জন কর্মচারী উচ্চ আদালতে বোর্ডের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন। জানা গেছে, ২০০৮ সালে ‘কাজ নাই মজুরি নাই’ ভিত্তিতে পর্যায়ক্রমে ১০৯ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। চাকরি স্থায়ী করার দাবিতে ২০১০ সালে ওই কর্মচারীরা উচ্চতর আদালতে মামলা করেন। ২০১২ সালে আদালত শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অর্ডিন্যান্স অনুযায়ী ওই কর্মচারীদের চাকরি নিয়মিত করার নির্দেশ দেন। চলতি বছরের ৩ মার্চ নির্দেশনাটি বোর্ডের কার্যালয়ে আসে। এরপর ১৯ মার্চ এ ব্যাপারে মতামত চেয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানায়। ১৬ এপ্রিল মন্ত্রণালয় থেকে চাকরিতে যোগদানের দিন যেসব কর্মচারীর বয়স ৩০ বছরের মধ্যে ছিল, কেবল তাঁদের চাকরি স্থায়ী করার লিখিত নির্দেশনা শিক্ষা বোর্ডে পাঠানো হয়। পরে বোর্ড কর্তৃপক্ষ ওই নির্দেশনা অনুযায়ী ৮৪ জনের চাকরি স্থায়ী করার উদ্যোগ নেয়।চাকরি নিয়মিত করা থেকে বাদ পড়া ২৪ জন কর্মচারী বোর্ড কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ২২ এপ্রিল উচ্চ আদালতে আবেদন করেন। এতে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়া এবং সচিব আবদুল মজিদকে বিবাদী করা হয়েছে। গত শনিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে বাদ পড়া কর্মচারীরা সংবাদ সমেঞ্চলন করেন। লিখিত বক্তব্যে তাঁরা বলেন, আদালতের রায় অনুযায়ী ১০৯ জন কর্মচারীর সবাইকে চাকরি নিয়মিত করতে বলা হয়েছে। কিন্তু এই নির্দেশ অমান্য করে ২৪ জন কর্মচারীকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এ কারণে তাঁরা আদালতে গেছেন। আদালত ২০ মের মধ্যে কর্তৃপক্ষকে এ ব্যাপারে লিখিত জবাব দিতে বলেছেন।চাকরি স্থায়ীকরণে গঠিত আন্দোলন কমিটির আহ্বায়ক মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘১০৯ জন কর্মচারীর সবাই আন্দোলন করে আসছি। আমরা চাই সবার চাকরি নিয়মিত হোক।’ বাদ পড়া ২৪ জনের চাকরিও যেন নিয়মিত হয়, এ ব্যাপারে সবাই রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন বলে তিনি জানান।অধ্যাপক আলাউদ্দিন মিয়া বলেন, সবার চাকরি নিয়মিত হোক, কর্তৃপক্ষ এটা চায়। বোর্ডের কার্যক্রম এগিয়ে নিতে ১০৯ জন কর্মচারীর সবার সমান অবদান রয়েছে। কিন্তু আদালত ও শিক্ষা মন্ত্রণালয়ের আইনের বাইরে কোনো কাজ করা যাবে না।