চাকরি নিয়ে অনিশ্চয়তায় শেভরন কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির নিশ্চয়তা, অর্জিত আর্থিক সুবিধা ও ভবিষ্যতে আইনগতভাবে প্রাপ্য সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন শেভরন বাংলাদেশের কর্মীরা। তাঁরা বলছেন, অধিকার আদায়ে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো অগ্রগতি নেই।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে শেভরন বাংলাদেশের কর্মীরা এসব দাবি জানান। শেভরন বাংলাদেশ এমপ্লয়ি ইউনিয়ন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাত মাস ধরে শেভরন বাংলাদেশ এ দেশে প্রতিষ্ঠানটির সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু বিষয়টি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁদের কিছুই জানানো হয়নি। বিক্রির সংবাদে প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রায় ছয় শ কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় আছেন।
সংবাদ সম্মেলনে শেভরন বাংলাদেশ এমপ্লয়ি ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য তারেক আহমেদ বলেন, ‘কোম্পানিটির হস্তান্তরপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই যেন আমাদের চাকরির নিশ্চয়তা, অর্জিত আর্থিক সুবিধা, কাজের পরিবেশ এবং ভবিষ্যতে আইনগতভাবে সুবিধা প্রাপ্য নিশ্চিত করা হয়। এটাই আমাদের মূল দাবি।’
শেভরন বাংলাদেশের পরিচালনায় হবিগঞ্জের বিবিয়ানা, সিলেটের জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসফিল্ড থেকে দেশের প্রায় ৫৬ ভাগ গ্যাস উৎপাদন ও সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গ্যাস কোম্পানি শেভরন গত বছরের ১২ অক্টোবর বিবৃতিতে জানায়, জ্বালানির দাম পড়তির দিকে থাকায় প্রতিষ্ঠানটি এ দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে চায়। এ দেশে থাকা সম্পদ ২০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি বিক্রি করতে চায়।