চাকরি নিয়ে অনিশ্চয়তায় শেভরন কর্মীরা
চাকরির নিশ্চয়তা, অর্জিত আর্থিক সুবিধা ও ভবিষ্যতে আইনগতভাবে প্রাপ্য সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন শেভরন বাংলাদেশের কর্মীরা। তাঁরা বলছেন, অধিকার আদায়ে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা চলছে। তবে গত ছয় মাসেও কোনো অগ্রগতি নেই।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে শেভরন বাংলাদেশের কর্মীরা এসব দাবি জানান। শেভরন বাংলাদেশ এমপ্লয়ি ইউনিয়ন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, সাত মাস ধরে শেভরন বাংলাদেশ এ দেশে প্রতিষ্ঠানটির সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু বিক্রির বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁদের কিছুই জানানো হয়নি।
শেভরন বাংলাদেশের পরিচালনায় হবিগঞ্জের বিবিয়ানা, সিলেটের জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসফিল্ড থেকে দেশের প্রায় ৫৬ ভাগ গ্যাস উৎপাদন ও সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গ্যাস কোম্পানি শেভরন গত বছরের ১২ অক্টোবর এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম পড়তির দিকে থাকায় প্রতিষ্ঠানটি এ দেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে চায়। এ দেশে থাকা সম্পদ ২০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি বিক্রি করতে চায়।