চাকরি নিয়ে অনিশ্চয়তায় শেভরন বাংলাদেশের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির নিশ্চয়তা, অর্জিত আর্থিক সুবিধা এবং ভবিষ্যতে আইনগতভাবে প্রাপ্য সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শেভরন বাংলাদেশের কর্মীরা। তাঁরা বলছেন, অধিকার আদায়ে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা চলছে। তবে গত ছয় মাসে কোনো অগ্রগতি নেই।

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আজ সোমবার বেলা সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে শেভরন বাংলাদেশের কর্মীরা এই দাবি তুলে ধরেন। শেভরন বাংলাদেশ এমপ্লয়ি ইউনিয়ন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাত মাস ধরে শেভরন বাংলাদেশ এ দেশে প্রতিষ্ঠানটির সম্পদ বিক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু বিক্রয়ের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁদের কিছুই জানানো হয়নি। বিক্রয়ের সংবাদে প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রায় ৬০০ কর্মকর্তা–কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

সংবাদ সম্মেলনে শেভরন বাংলাদেশ এমপ্লয়ি ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য তারেক আহমেদ বলেন, ‘কোম্পানিটির হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার আগেই যেন আমাদের চাকরির নিশ্চয়তা, অর্জিত আর্থিক সুবিধা, কাজের পরিবেশ এবং ভবিষ্যতে আইনগতভাবে সুবিধা প্রাপ্য নিশ্চিত করতে হবে। আর এটাই আমাদের মূল দাবি।’

সম্মেলন শেষে শেভরন বাংলাদেশ এমপ্লয়ি ইউনিয়নের সভাপতি নাসিম আজিম প্রথম আলোকে বলেন, কোম্পানিটি বিক্রি হয়ে গেলে তাঁদের পরবর্তী চাকরিজীবনে কী ব্যবস্থা হবে—তা নিয়ে তাঁরা অনিশ্চয়তায় আছেন। এ ধরনের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে তাঁরা থাকতে চান না।

শেভরন কর্মীদের সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার আবেদীন প্রথম আলোকে বলেন, ছয় মাস ধরে তাঁরা শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে কোনো অগ্রগতি নেই।

শেভরন বাংলাদেশের পরিচালনায় হবিগঞ্জের বিবিয়ানা, সিলেটের জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসফিল্ড থেকে দেশের প্রায় ৫৬ ভাগ গ্যাস উৎপাদন ও সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গ্যাস কোম্পানি শেভরন গত বছরের ১২ অক্টোবর এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম পড়তির দিকে থাকায় প্রতিষ্ঠানটি এ দেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে চায়। এ দেশে থাকা সম্পদ ২০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি বিক্রি করতে চায়।