চাকরি নিয়ে বিদেশে পাঠানোর ফাঁদ তিন কোটি টাকা নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি জমি আর সোনাদানা বিক্রি করে দেড় লাখ টাকা দিয়েছিলাম প্রায় চার মাস আগে। এর পর থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়, শিগগির টিকিট হয়ে যাবে। ইরাকে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়। কিন্তু এভাবে সাত-আটবার বিমানে ওঠার তারিখ নির্ধারণ করা হয়। আমরা চট্টগ্রামে আসি। কিন্তু চট্টগ্রাম থেকে আমাদের আবার ফিরিয়ে দেওয়া হয় কোনো না কোনো অসুবিধার কথা বলে। এখন আমাদের অফিস (ট্রাভেল এজেন্সি) থেকে মেরে বের করে দেয়।’ টাঙ্গাইলের মোহাম্মদ মোনায়েম খান এভাবেই তাঁর প্রতারিত হওয়ার কাহিনি বর্ণনা করেন। চাকরি নিয়ে ইরাকে যাওয়ার আশায় দেড় লাখ টাকা দিয়েছিলেন মোনায়েম। তাঁর মতো আরও প্রায় ২০০ লোকের কাছ থেকে আনুমানিক তিন কোটি টাকা নিয়ে একটি কথিত ট্রাভেল এজেন্ট চম্পট দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই প্রতিষ্ঠানের নাম স্টাইল জোন ইন্টারন্যাশনাল। একই প্রতিষ্ঠান মেসার্স রহমাত ট্রেড ইন্টারন্যাশনাল নামেও টাকা সংগ্রহ করেছে। ওই প্রতিষ্ঠানের মালিকের নাম চন্দ্রমোহন তালুকদার। কিন্তু এই দুই নামে কোনো নিবন্ধিত ট্রাভেল এজেন্সি নেই বলে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে ওই কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, ‘এ রকম কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন নেই। অনিবন্ধিত প্রতিষ্ঠান বিভিন্ন প্রলোভন দিয়ে টাকা নেয়। প্রতারিত হওয়ার পর আমরা বিষয়টা জানতে পারি। আমাদের লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিতে পারি। এ ক্ষেত্রে ভুক্তভোগীরা মামলাও করতে পারেন।’ জানা গেছে, চার দিন ধরে প্রতারিত অন্তত ৫০ জন নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ওই কথিত ট্রাভেল এজেন্সিতে ধরনা দিচ্ছেন। কিন্তু গত শুক্রবার রাতে তাদের ওখান থেকে মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এর পর থেকে গতকাল শনিবার পর্যন্ত ওই কার্যালয় আর খোলা হয়নি। এখনো ২০-২৫ জন প্রতারিত কার্যালয়ের বাইরে ধরনা দিচ্ছেন। প্রতিষ্ঠানটির মালিক কিংবা কর্মকর্তারা ফোনও ধরছেন না। গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, ওই প্রতিষ্ঠান বাইরে থেকে তালাবদ্ধ। ভুক্তভোগীরা বাইরে দাঁড়িয়ে আছেন। আবুল কালাম নামের ঢাকার নবাবগঞ্জের একজন বলেন, ‘আমি চার মাস আগে ইরান থেকে এসেছি। সেখানে দেড় বছর তেমন কোনো কাজ ছিল না। ছয়-সাত মাস আগে চন্দ্রমোহন তালুকদারের সঙ্গে ইরানে আমাদের পরিচয় হয়। তিনি আমাদের দেশে ফিরে আসতে বলেন। সেখান থেকে তিনি ইরাকে চাকরি নিয়ে পাঠাবেন বলে জানিয়েছিলেন। পরে দেশে এসে আমরা কয়েকজন ইরাকে যাওয়ার জন্য টাকা দিই। কিন্তু এখন দেখি লোকটা প্রতারক।’ আবুল কালাম মোট আড়াই লাখ টাকা দিয়েছেন বলে জানান। তাঁর মতো ইরান থেকে ফিরে এসে ইরাকে যাওয়ার জন্য চন্দ্রমোহনকে দেড় লাখ টাকা দিয়েছেন টাঙ্গাইলের ইনসাত আলী। ইরাকে চাকরি নিয়ে যাওয়ার জন্য প্রতিজনের কাছ থেকে আড়াই লাখ টাকায় চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। এরপর কারও কাছ থেকে অগ্রিম দেড় লাখ, কারও কাছ থেকে দুই লাখ আবার কারও কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়। সব টাকা নগদে গ্রহণ করা হয়। টাকা প্রাপ্তির স্বীকৃতিস্বরূপ কোম্পানির নামে একটি গ্রহণ রসিদ ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। বাকি টাকা বিমানে ওঠার আগে দেওয়ার কথা ছিল।জানা গেছে, এর আগে গত ১৯ জুলাই তাঁদের বিমান টিকিট নিশ্চিত বলে চট্টগ্রাম আনা হয়। কিন্তু তখনো সামান্য অসুবিধা হয়েছে বলে তাঁদের পুনরায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এভাবে বারবার ইরাক যাত্রার সময় নির্ধারণ করে কোনো না কোনো অসুবিধার কথা বলে তা পিছিয়ে দেওয়া হচ্ছিল বলে ভুক্তভোগীরা জানান।এই প্রতারণার প্রতিকার চেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীরা নগরের ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ প্রসঙ্গে ডবলমুরিং থানার কর্তব্যরত কর্মকর্তা মো. আকবর বলেন, ‘তাঁরা একটি অভিযোগ দিয়েছেন। এখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ এ প্রসঙ্গে বক্তব্য জানতে গতকাল একাধিকবার কথিত ট্রাভেল এজেন্সির মালিক চন্দ্রমোহন ও ব্যবস্থাপক রতন এবং কার্যালয়ের নম্বরে ফোন দেওয়া হলেও তাঁরা ফোন ধরেননি। শেষে চন্দ্রমোহনের টেলিফোন বন্ধ করে রাখা হয়।