চাকরি পাচ্ছেন প্রতিবন্ধী রাসেল

অবশেষে চাকরি পেতে যাচ্ছেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শারীরিক প্রতিবন্ধী মো. রাসেল ঢালী। উচ্চ আদালত শারীরিক প্রতিবন্ধী কোটায় রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাঁকে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মুন্সিগঞ্জ জেলার সিভিল সার্জনসহ বিবাদীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত রাসেল ঢালী আইনি প্রতিকার পেতে ২০১৪ সালে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। চাকরি পেতে করেছিলেন রিট। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ২ জুন হাইকোর্ট রুল দিয়েছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন আদালত। যার মধ্য দিয়ে তিন বছর ধরে চলা আইনি লড়াইয়ের একটি ধাপ শেষ হলো।
আদালতে রাসেলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে ছিদ্দিক উল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ১৩ এপ্রিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মুন্সিগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। একই বছর ২১ জুন লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন থানার ৫৭ প্রার্থী উত্তীর্ণ হন, যার মধ্যে রাসেলও ছিলেন। পরে ওই বছরেরই ১৫ ডিসেম্বর ১৯টি পদের মধ্যে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়।
এ পরিস্থিতিতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুর ইউনিয়ন থেকে তৃতীয় শ্রেণির ওই পদে নিয়োগ বঞ্চিত রাসেল ঢালী হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে বলা হয়, শারীরিক প্রতিবন্ধী রাসেল ঢালী পরিকল্পনা পরিদর্শক পদে মৌখিক পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে ২৮ নম্বর পেয়েছেন। মৌখিক পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর পেয়ে প্রতিবন্ধী কোটা থাকার পরেও তিনি চাকরি পাননি।
রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ২ জুন হাইকোর্ট রুল দেন। রুলে ওই পদে প্রতিবন্ধী কোটায় রাসেলকে কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটি পদ সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়। এই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ তাঁকে নিয়োগ দিতে নির্দেশ দিয়ে রায় দিলেন আদালত।
রায়ের প্রতিক্রিয়ায় রাসেল ঢালী প্রথম আলোকে বলেন, আমি আনন্দিত। দীর্ঘ তিন বছর অনেক কষ্ট করেছি। আইনজীবী ছিদ্দিক উল্ল্যাহ মিয়া আমাকে আইনি সহায়তা দিয়েছেন। তাঁর প্রতিও কৃতজ্ঞ। আমার বাবার প্রত্যাশা ছিল আমি একটি সঠিক রায় পাব। তবে কিছুদিন আগে তিনি মারা যান। তিনি দেখে যেতে পারলে আরও ভালো লাগত। প্রত্যাশা এ রায়ের দ্রুত বাস্তবায়ন হবে।