চাকরি পুনর্বহাল ও কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের কাঁচপুরে ওপেক্স ও সিনহা গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং এসকোয়ার নিট কম্পোজিট কারখানা চালুর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার সকালে সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ, জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, শ্রমিকনেতা বিমল কান্তি দাস, আব্দুল হাই শরীফ, নুরুজ্জামান, মোহাম্মদ হান্নান, মাকসুদা বেগম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ওপেক্স ও সিনহা গ্রুপ থেকে ছাঁটাই করা শ্রমিকদের ছবি ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে। দুষ্কৃতকারী হিসেবে উল্লেখ করে অন্য প্রতিষ্ঠানে তাঁদের চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। মালিকপক্ষের এ ধরনের কাজের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়। এ ছাড়া এসকোয়ার গার্মেন্টস থেকে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল করে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবি জানানো হয়।