চাকরি পূর্নবহাল চেয়ে শরীফের রিটের ওপর শুনানি ১০ এপ্রিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুতির বৈধতা নিয়ে মো. শরীফ উদ্দিনের করা রিটের শুনানি ১০ এপ্রিল পর্যন্ত মুলতুবি করেছেন হাইকোর্ট। তাঁর আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।
গত ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধি এবং এই বিধির ক্ষমতাবলে চাকরিচ্যুতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ১৩ মার্চ রিটটি করেন শরীফ। আদালতে শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহউদ্দিন দোলন ও আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
রিটটি শুনানির জন্য উঠলে আইনজীবী মো. সালাহউদ্দিন দোলন বলেন, চাকুরিচ্যুতির সিদ্ধান্ত পুর্নবিবেচনা চেয়ে শরীফ দুদকে পনের দিন আগে আবেদন করেন। এর ফলাফল এখনো জানানো হয়নি। তবে কতদিনের মধ্যে পুর্নিবেচনার আবেদন নিষ্পত্তি করতে হবে, সে বিষয়ে নির্ধারিত কোনো সময়ও নেই। এজন্য ৩০ দিন পরে শুনানি করতে চাই। কেননা তাহলে অপরপক্ষ (দুদক) বলতে পারবে না যে, যৌক্তিক সময় দেওয়া হয়নি। এ সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, সময় দেওয়া না দেওয়া আদালতের বিষয়। পরে আদালত বলেন, অবকাশ শেষে আদালত খোলার (৩ এপ্রিল) এক সপ্তাহ পরে আসবে। ১০ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতুবি করা হলো।
আরেকটি রিট উত্থাপিত হয়নি বলে খারিজ
এ দিকে শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ অনুসন্ধানে ‘স্বাধীন কমিটি’ গঠনে নির্দেশনা চেয়ে দশ আইনজীবীর করা অপর রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ। গত ২৩ ফেব্রুয়ারি আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী ওই রিটটি করেছিলেন। এর ওপর ১০ মার্চ শুনানি শেষে একই বেঞ্চ আজ আদেশের জন্য দিন রেখেছিলেন।
পরে আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, সংক্ষুব্দ ব্যক্তি হিসেবে শরীফ নিজেই রিট করেছেন। তাই জনস্বার্থে দশ আইনজীবীর করা রিটটি আমাদের আরজির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন।