বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের চাকরি পাওয়ার হার খুবই কম। লিখিত পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীরা পাস করলেও মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্যদের নেতিবাচক মনোভাবের কারণে তাঁরা চাকরি পান না। নিয়োগ দিলেও বেশির ভাগ ক্ষেত্রেই উচ্চপদে তাঁদের নিয়োগ দেওয়া হয় না। আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের বিষয়ে নীতিমালায় উল্লেখ থাকলেও তা মানা হচ্ছে না।
বেসরকারি সংস্থা অ্যাকশনএইড পরিচালিত এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। সংস্থাটি ১০০টি বেসরকারি প্রতিষ্ঠানে এই গবেষণা চালায়। গতকাল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে গবেষণাটি প্রকাশিত হয়। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ভবন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে অ্যাকশন এইড বাংলাদেশ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং একসেস বাংলাদেশ ফাউন্ডেশন। অনুষ্ঠানে গবেষণাটি উপস্থাপন করেন অ্যাকশন এইডে এই গবেষণার পরামর্শক আলবার্ট মোল্লা।
গবেষণায় বলা হয়, প্রতিবন্ধীদের কাজের ক্ষেত্র খুবই সীমিত। প্রতিবন্ধীরা অনেক সময় চাকরির লিখিত পরীক্ষায় পাস করেন। কিন্তু মৌখিক পরীক্ষা দেওয়ার পর দেখা যায় তাঁর চাকরি হচ্ছে না। এর কারণ হিসেবে মৌখিক পরীক্ষা বোর্ডের নেতিবাচক মনোভাবকে দায়ী করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করা প্রার্থী সগির হোসেনের কথা উল্লেখ করে বলা হয়, তিনি গত চার বছরে চাকরির লিখিত পরীক্ষায় পাস করে ১৬টি মৌখিক পরীক্ষা দিয়েছেন। কিন্তু চাকরি হয়নি। আবার এক প্রতিবন্ধী চাকরির পরীক্ষার সময় প্রতিবন্ধিতার কথা উল্লেখ করলেও তাঁর লিখিত পরীক্ষার আসন দেওয়া হয়েছে পাঁচ তলায়। ফলে তিনি আর সেই পরীক্ষায় অংশ নিতে পারেননি।
গবেষণার সুপারিশে সরকারের প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন (২০১৩) বাস্তবায়ন, অন্যান্য নীতিমালা উন্নয়ন, জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে একটি কর্মসংস্থান কৌশল প্রণয়ন, কেন্দ্রীয় নিয়োগ সেল গঠন, নিয়োগকর্তাদের উৎসাহিত করা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির ক্ষেত্রে এতিম ও প্রতিবন্ধীদের জন্য ১০ শতাংশ কোটা যা প্রতিবন্ধী ও এতিমদের জন্য সুনির্দিষ্ট করতে উদ্যোগ গ্রহণর কথা বলা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এম সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রম, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর অতিরিক্ত যুগ্ম সচিব মো.শহিদুল ইসলাম।