চাকরি পেতে ভূসম্পত্তি থাকার নিয়ম সংবিধান পরিপন্থী
স্থায়ী সম্পত্তি না থাকলে সরকারি চাকরি হবে না—এটা আইন হতে পারে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিক হলেই চাকরি পাওয়ার অধিকার আছে। ভূসম্পত্তি না থাকায় পুলিশের কনস্টেবল পদে চা-শ্রমিক পরিবারের দুই সদস্যের চাকরি না হওয়া সংবিধান পরিপন্থী।
ভূসম্পত্তি না থাকার কারণে কনস্টেবল পদে উত্তীর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই সদস্যের চাকরি না হওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এ কথা বলেন। আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী যুব পরিষদ, সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়নসহ কয়েকটি সংগঠন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে আয়োজকেরা বলেন, সম্প্রতি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে প্রতিযোগিতামূলক পরীক্ষায় চা-বাগানে কাজ করা পরিবারের দুই সদস্য পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেও তাঁদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের ‘অপরাধ’, তাঁদের বাবা-মায়ের নিজস্ব বা নিজের জমিজমা নেই। এই দুজন হলেন কলিন্স রোজারিও এবং কাজু প্রসাদ করি।
মানববন্ধনে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, যে দেশে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা অর্জন করে সেখানে পুলিশের এ ধরনের নিয়ম মেনে নেওয়া যায় না।