চাকরি পেয়েছেন প্রতিবন্ধী খলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে চাকরি পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী খলিলুর রহমান। ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকায় এনভয় টেক্সটাইলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে তাঁর চাকরি হয়েছে।
দুই বছর বয়সে টাইফয়েড ও পোলিওতে আক্রান্ত হয়ে খলিলুরের দুই পা অকেজো হয়ে যায়। এর পর থেকে কখনো হামাগুড়ি দিয়ে, কখনো হুইলচেয়ারে করে স্কুল-কলেজে গিয়ে স্নাতকোত্তর পাস করেছেন। এরপর বিভিন্ন দপ্তরে পরীক্ষা দেওয়ার পরও চাকরি হচ্ছিল না তাঁর। এ নিয়ে গত ৩ ডিসেম্বর বিশ্বপ্রতিবন্ধী দিবসে প্রথম আলোয় ‘ভিক্ষা নয়, চাকরি চান খলিল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বেশ কিছু প্রতিষ্ঠান তাঁকে চাকরি দেওয়ার আগ্রহ প্রকাশ করে।
খলিলুর রহমান বলেন, এনভয় টেক্সটাইলস লিমিটেড তাঁকে প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন বিভাগের স্টোর ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি দিয়েছে। ১০ জানুয়ারি তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানটি তাঁর জন্য আবাসনের ব্যবস্থাও করেছে বলে জানান তিনি।