ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্পের আওতায় বরগুনার পাথরঘাটা উপজেলার ৮০০ বেকার যুবক ও যুব মহিলাকে গতকাল বুধবার সকালে নিয়োগপত্র দেওয়া হয়েছে। পাথরঘাটা ইউটিডিসি হলে সকাল ১০টায় নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন সাতটি ইউনিয়নের সাতজন যুবক ও যুব মহিলার হাতে নিয়োগপত্র তুলে দেন। পরে একে একে ৮০০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদবচন্দ্র রায়। নিয়োগপত্র পেয়ে পাথরঘাটা পৌর এলাকার আলমগীর হোসেন বলেন, ‘আমার একটা চাকরি হয়েছে। এখন থেকে আমার বিধবা মায়ের পাশে দাঁড়াতে পারব। আজ আমি গরিব সংসারটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় দুই হাজার ১৫৪ জন আবেদনকারীর মধ্যে এক হাজার ১৮০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। তাঁদের মধ্য থেকে প্রথম পর্যায়ে এই ৮০০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের ন্যাশনাল সার্ভিস প্রকল্পে দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার শিক্ষা, আত্মকর্মসংস্থান, বিভিন্ন সেবা খাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শারীরিক শিক্ষা, কৃষি, বন ও পরিবেশ, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলাসহ ১০টি বিষয়ে চারটি পর্বে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কাজে যোগ দেবেন এসব যুবক ও যুব মহিলা।মাধ্যমিক থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী এসব নিয়োগ পাওয়া যুবক ও যুব মহিলাকে তিন মাস প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তাঁরা প্রশিক্ষণের সময় প্রতিদিন ১০০ টাকা ও চাকরিতে যোগদানের পর থেকে ১৮ মাস প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা পাবেন।দেশের প্রতিটি পরিবারের অন্তত একজন বেকার যুবক কিংবা যুব মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার। প্রতিশ্রুতি অনুযায়ী কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় সরকারের নেওয়া পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মে বরগুনায় এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বরগুনার পাঁচ উপজেলায় চার হাজার বেকার যুবক ও যুব মহিলাকে এই প্রকল্পে চাকরি দেওয়া হয়েছে।