চাকরি পেলেন সমাপ্তি

দৃষ্টিপ্রতিবন্ধী সমাপ্তি রায় নতুন চাকরি পেয়েছেন। গতকাল মঙ্গলবার থেকে তিনি বেসরকারি সংগঠন ‘অপরাজেয় বাংলাদেশ’-এ সংগীতশিক্ষক হিসেবে কাজ শুরু করেছেন।
৫ এপ্রিল প্রথম আলো অনলাইনে ‘চাকরিটাও গেল, আমি এখন কী করব?’ এবং ৭ এপ্রিল প্রথম আলোর রাজধানী পাতায় ‘সমাপ্তির চাকরিটাও গেল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ‘সীডে আপনাকে আর প্রয়োজন নাই বিধায় আপনাকে...অব্যাহতি প্রদান করা হলো।’ সমাপ্তি রায়ের হাতে ৪ এপ্রিল এ চিঠি ধরিয়ে দেয় প্রতিবন্ধী শিশুদের নিয়ে কর্মরত সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অব দ্য ডিজঅ্যাবল্ড (সীড) নামের একটি প্রতিষ্ঠান। তিনি সংগীতশিক্ষক ও বৃত্তিমূলক প্রশিক্ষক হিসেবে গত বছরের নভেম্বর থেকে সেখানে কর্মরত ছিলেন। চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ ছিল এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত।
অপরাজেয় বাংলাদেশ সমাপ্তি রায়ের নিয়োগপত্রে উল্লেখ করেছে, সমাপ্তি রায় সংগঠনের শিশু সৌরভ কর্মসূচির অধীনে নিয়োগ পেয়েছেন। ঢাকার পথশিশু ও বস্তিবাসী শিশুদের কেন্দ্র/স্কুল/লার্নিং সেন্টারে তিনি দায়িত্ব পালন করবেন। প্রথম তিন মাস তিনি অস্থায়ী ভিত্তিতে কাজ করবেন। কাজে দক্ষতা দেখাতে পারলে তাঁর চাকরি স্থায়ী করা হবে। বর্তমানে তিনি সম্মানী ভাতা পাবেন ১০ হাজার টাকা। এ ছাড়া বার্ষিক দুটি উৎসব বোনাস (এক মাসের সম্মানী ভাতার সমান) পাবেন।
সীড থেকে চাকরি চলে যাওয়ার পর সমাপ্তি ও তাঁর মা বিপদে পড়ে যান। সমাপ্তি বলেন, সীডের নিয়োগপত্রের ভাষা, প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা—কোনো কিছু নিয়েই তাঁর কোনো অভিযোগ নেই। শুধু একটাই কথা, তাঁকে বাদ দেওয়ার আগে একটু জানালে তিনি অন্য কোনো জায়গায় অন্তত চাকরির জন্য চেষ্টা করতে পারতেন।
নতুন চাকরি পাওয়ায় সমাপ্তি প্রথম আলোকে ধন্যবাদ জানান। তাঁর মতে, প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর অনেকেই তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেন ও বিভিন্নভাবে সহায়তা করছেন। আর এখন অপরাজেয় বাংলাদেশে চাকরি পাওয়ায় মা-মেয়ের জীবনে স্বস্তি এনে দিল।
সমাপ্তি রায়ের বাড়ি ফরিদপুরে। তিন বছর বয়সে টাইফয়েড হয়ে দুই চোখ নষ্ট হয়ে যায়। তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁরা তিন ভাই, তিন বোন। বাবা কবিরাজি করতেন। ভারতে যাওয়ার পর নানা জটিলতায় আর দেশে ফিরতে পারেননি। অন্য ভাইবোনেরা তাঁদের দুজনকে দেখেন না।