নীলফামারী ও পঞ্চগড়ে ন্যাশনাল সার্ভিস কার্যক্রমের অধীনে এক হাজার ৮৫৩ জন বেকারকে চাকরি দেওয়া হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার তাঁদের বিভিন্ন চাকরিতে দুই বছর মেয়াদি নিয়োগপত্র দেওয়া হয়।নীলফামারীর ডিমলা উপজেলায় গত শনিবার দুপুরে বৃন্দা রানী সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে দুই বছর মেয়াদি ওই নিয়োগপত্র দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী। উপজেলায় ৯৭০ জন বেকার যুবক-যুবতী এই নিয়োগপত্র পান। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ২৪০ জন প্রাথমিক বিদ্যালয়ে, ২৮০ জন মাধ্যমিক বিদ্যালয়ে, ১০০ জন কৃষি, বন ও পরিবেশ দপ্তরে, ১৫৯ জন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে এবং ১৯১ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে চুক্তি ভিত্তিতে যোগদান করবেন।এদিকে পঞ্চগড় সদর উপজেলায় ওই কার্যক্রমের আওতায় ৮৮৩ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। নিয়োগপত্র প্রদান ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের অবহিতকরণ সভা গতকাল রোববার সকালে সদর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।