বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছিল শিশু রাব্বি (১০)। তার মা মিনারা বেগম এই বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন গত ফেব্রুয়ারি মাসে। কিন্তু তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মমাফিক তাঁকে নিয়োগ না দেওয়ায় তিনি চাকরিটি হারিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ১৯ জানুয়ারি ছাত্রলীগের তৎকালীন সভাপতি শামসুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ওরফে ইমনের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পাশের বয়রা ইউনিয়নের রাব্বি নামের এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। হত্যাকাণ্ডের পরদিন রাব্বির জানাজার সময় তৎকালীন উপাচার্য মো. রফিকুল হক রাব্বির মা-বাবা ও বড় ভাইকে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে অনেক সময়ক্ষেপণ শেষে রাব্বির মা ও বাবাকে অস্থায়ী ভিত্তিতে (মাস্টার রোল) চাকরি দেওয়া হয়। দুই বছর পর গত ফেব্রুয়ারি মাসে ওই উপাচার্য শুধু রাব্বির মায়ের চাকরি স্থায়ী করেন। রাব্বির বাবা এখনো বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় মাস্টার রোলে কর্মরত।
জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ২৮৭ জন কর্মচারীর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ৩১৩ জন কর্মচারী নিয়োগ দেন উপাচার্য রফিকুল হক। ২ মার্চ অনিয়ম ও অর্থবাণিজ্যের অভিযোগ এনে নিয়োগ স্থগিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর বিভিন্ন অভিযোগে শিক্ষকদের চাপের মুখে রফিকুল হক পদত্যাগ করেন। নতুন উপাচার্য দায়িত্ব নিয়েই ওই নিয়োগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটির সিদ্ধান্তে গত রোববার ৯৬ জন কর্মচারীর স্থায়ী চাকরি বাতিল করে প্রশাসন। এর মধ্যে রাব্বির মায়ের চাকরিও বাতিল হয়ে যায়।
সূত্র জানায়, ২৮৭ জনের মধ্যে যথাযথ বিজ্ঞপ্তি ছাড়া ২৬ জনকে নিয়োগ দেওয়া হয়। ওই ২৬ জনের নামের তালিকায় রাব্বির মায়ের নামও ছিল। তদন্ত কমিটির এক সদস্য বলেন, বিজ্ঞপ্তিবহির্ভূত তালিকায় রাব্বির মায়ের নাম থাকায় তাঁর চাকরি বাতিল করা হয়েছে। এদিকে বিভিন্ন জটিলতার পর চাকরি পেয়েও গত ফেব্রুয়ারি মাস থেকে কোনো বেতন পাননি তিনি।
রাব্বির মা বলেন, চাকরিচ্যুত হলেও প্রক্টর তাঁকে নিজ কর্মস্থলে কাজ করতে বলেছেন। বর্তমান উপাচার্য হজ পালন শেষে ক্যাম্পাসে ফিরলে তাঁকে পুনরায় নিয়োগ দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
প্রক্টর এ কে এম জাকির হোসেন বলেন, ‘আগের উপাচার্য নিয়মবহির্ভূতভাবে রাব্বির মাকে নিয়োগ দেওয়ায় নিয়োগটি বাতিল করতে হয়েছে। আশা করি, বর্তমান উপাচার্য দেশে ফিরলে নিয়ম মেনেই আবার তাঁর চাকরি স্থায়ী করা হবে।’