চাকরি ফিরে না পেয়ে...
চাকরি না পেয়ে গত মঙ্গলবার বিদ্যালয়ের বেঞ্চ নিয়ে গেছে চাকরিপ্রত্যাশীর লোকজন। বুধবার বিদ্যালয়টিতে পাটি পেতে ক্লাস করার চেষ্টা করলে শিক্ষক-শিক্ষার্থীদের তাড়িয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটি। এ অবস্থায় বিপাকে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিশু-শিক্ষার্থী।ঈশ্বরবা গ্রামের বাসিন্দা আবু বক্কর জানান, তাঁদের গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। গ্রামের শিশুদের প্রায় তিন কিলোমিটার পাড়ি দিয়ে পাশের চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হতো। শিশুদের কষ্টের কথা চিন্তা করে গ্রামের কয়েকজন শিক্ষানুরাগী ২০০২ সালে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। চার বছরেও নিবন্ধন না পেয়ে শিক্ষকেরা বিদ্যালয় ছেড়ে চলে যান। ফলে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে গ্রামের লোকজন আবারও প্রতিষ্ঠানটি সচল করার উদ্যোগ নেন। ২০০৯ সালে আবার শুরু হয় শিক্ষাকার্যক্রম।গ্রামবাসী জানায়, প্রথম যাঁরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের একজন ঈশ্বরবা গ্রামের সালেহা খাতুন। নতুন করে প্রতিষ্ঠানটি চালু হলে তিনি শিক্ষকের পদ ফিরে পাওয়ার চেষ্টা করেন। কিন্তু নতুন করে চার শিক্ষক নিয়োগ দেওয়ায় তাঁকে আর নেয়নি পরিচালনা কমিটি। প্রধান শিক্ষিকা নার্গিস পারভিনের অভিযোগ, চাকরি ফিরে না পেয়ে সালেহা খাতুনের ভাইয়েরা মঙ্গলবার বিদ্যালয়ের ২৫টি বেঞ্চ, আটটি চেয়ার, পাঁচটি টেবিল নিয়ে যান। পরদিন সকালে গ্রাম থেকে পাটি সংগ্রহ করে ক্লাস নেওয়ার চেষ্টা করা হলে তাঁরা আবারও এসে তাঁদের তাড়িয়ে বের করে দেন।অভিযোগের বিষয়ে সালেহা খাতুনের ভাই জাকারিয়া হোসেন দাবি করেন, তাঁরা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করেছেন, টাকাও দিয়েছেন। তাঁর বোন দীর্ঘদিন বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। নতুন করে চালুর পর তাঁর বোনকে না নিয়ে পরিচালনা কমিটির সদস্য সোলায়মান হুসাইন তাঁর ভাতিজিকে চাকরি দিয়েছেন। সভাপতি ইউসুফ আলী দিয়েছেন তাঁর আরেক ভাতিজিকে। এ কারণে তাঁরা প্রতিবাদ জানিয়েছেন।পরিচালনা কমিটির সদস্য সোলায়মান হুসাইন জানান, যোগ্যতার ভিত্তিতে তাঁর ভাতিজি নিয়োগ পেয়েছেন। কালীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহম্মদ জানান, প্রতিষ্ঠানটি এখনো নিবন্ধিত না হওয়ায় তাঁদের কর্তৃত্ব খুব একটা নেই। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দেওয়া হয়েছে।