চাকরি বাঁচাতে আদালতে যাওয়ায় রোষানলে!
চাকরি বাঁচাতে উচ্চ আদালতের আশ্রয় নেওয়ায় উল্টো স্থায়ীভাবে চাকরি হারাতে বসেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নয় কর্মচারী। অস্থায়ী ভিত্তিতে কর্মরত ওই নয় কর্মচারী সম্প্রতি অধিদপ্তরের ৯৬৭ জন কর্মচারী নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তিন মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে অস্থায়ী নিয়োগ পাওয়া কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ বিষয়ে প্রধান প্রকৌশলীকে কারণ দর্শাতে বলেন।ভুক্তভোগী কর্মচারীদের অভিযোগ, আদালতের ওই আদেশের পর নয় কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুতির চেষ্টা চলছে। গত সোমবার থেকে ওই নয় কর্মচারীকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে না। চাকরি বাঁচাতে তাঁরা এখন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে ধরনা দিচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৯৬৭ জন কর্মচারী নিয়োগের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে গত বছর দুই দফা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। চলতি বছরের ১৬ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত এসব পদে লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। অধিদপ্তরে মাঠপর্যায়ে কর্মরত ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ২৬৪ জন কর্মচারীর চাকরি নিয়মিত না করে এসব পদে লোক নিয়োগের উদ্যোগ নেওয়ায় অস্থায়ীভাবে কর্মরত কর্মচারীদের মধ্যে ছাটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজশাহী আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও কালাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নৈশপ্রহরী দুলাল উদ্দিন প্রামাণিক গত ২ মে হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে রিট করেন। দুলাল উদ্দিন ছাড়াও রিটে বরিশাল সার্কেলের অফিস সহকারী আবদুল আলিম, প্রধান কার্যালয়ের কম্পিউটার অপারেটর মো. সোহেল, রাজশাহী সার্কেলের শাহাদত হোসেন, ঢাকা সার্কেলের এমএলএসএস রুহুল আমীন ও বরিশাল সার্কেলের চৌকিদার ফারুক হোসেন, নুরে আলম, অফিস সহকারী তহমিনা খানম ও আবদুর রশিদ খান বাদী হন।২৫ মে আদালত ৯৬৭ কর্মচারী নিয়োগে তিন মাসের স্থগিতাদেশ দিয়ে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ব্যক্তিদের চাকরি কেন নিয়মিতকরণ করা হবে না, সে বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে কারণ দর্শাতে বলেন। রিট আবেদনকারী দুলাল উদ্দিন প্রামাণিক অভিযোগ করেন, গত সোমবার আদালতের রায়ের কপি প্রধান প্রকৌশলীর দপ্তরে পৌঁছানোর পর প্রধান প্রকৌশলীর পক্ষে মুনিরুজ্জামান নামের একজন সহকারী প্রধান প্রকৌশলী তাঁকেসহ নয়জন রিট আবেদনকারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়ে দেন। একই সঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর না করার জন্যও তিনি নির্দেশ দেন। তাঁর নির্দেশের পরপরই হাজিরা খাতা কেড়ে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁকে কার্যালয় থেকে বের করে দেন।মঙ্গলবার মুঠোফোনে যোগাযোগ করা হলে রিট আবেদনকারী অন্য ব্যক্তিরা অভিযোগ করেন, বিনা নোটিশে তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে। সোহেল নামের এক কর্মচারী বলেন, ‘দুই বেলা ডালভাতের জন্য ২৫ বছর ধরে চাকরি করছি। চাকরি বাঁচাতে আদালতের আশ্রয় নেওয়ার কারণে হাজিরা খাতা কেড়ে নিয়ে এখন বিনা নোটিশে চাকরিচ্যুতির কথা বলা হচ্ছে।’ তহমিনা খানম বলেন, ‘চাকরি বাঁচাতেই আদালতে যাওয়া। সেই চাকরি গেলে সবাইকে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে।’রিট আবেদনকারীর আইনজীবী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রায় উপেক্ষা করে এখন ওই নয় কর্মচারীকে চাকরিচ্যুত করা হলে তা হবে আদালত অবমাননা।’জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জয়পুরহাটের কালাই উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আমিনুর রহমান হাজিরা খাতা কেড়ে নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিনা নোটিশে কাউকে চাকরিচ্যুত করা বিধিসম্মত নয়; কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গত সোমবার থেকে দুলাল উদ্দিনের হাজিরা খাতা জব্দ করা হয়েছে। যা করা হয়েছে, তা সবই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে।’তবে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান গতকাল মঙ্গলবার প্রথম আলোর কাছে দাবি করেন, রিট আবেদনকারী কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করে হাজিরা খাতা কেড়ে নিতে তিনি মাঠপর্যায়ের কাউকে কোনো প্রকার নির্দেশ দেননি। প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান চাকরিচ্যুতির বিষয়টি এড়িয়ে গিয়ে প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। এতে স্থগিতাদেশ খারিজ হয়ে যাবে বলে তিনি আশাবাদী।