চাকরি বাঁচাতে ধার করে আনা হলো কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রাম জান্নাতুন নুরী দাখিল মাদ্রাসার দপ্তরি হাফিজার রহমান প্রতিদিনের মতো গত রোববারও সকালে প্রতিষ্ঠানে এসে অফিস ও শ্রেণীকক্ষের তালা খুলে দেন। সকাল নয়টার দিকে চা-নাশতা করতে বাইরে যান। আধা ঘণ্টা পরে এসে দেখেন অফিসকক্ষে একটি পুরোনো কম্পিউটার। একটু পরেই অন্য শিক্ষকেরা কম্পিউটারটি দেখে হতবাক হন। বেলা ১১টার দিকে দুজন অপরিচিত ছেলে এসে মাদ্রাসার পাশের বাড়ি থেকে বিদ্যুৎসংযোগ দিয়ে কম্পিউটারটি চালু করার চেষ্টা করেন।শিক্ষকেরা পরে জানতে পারেন, এমপিওভুক্ত কম্পিউটার শিক্ষক জাহানারা বেগম অন্যের কাছ থেকে ধার করে কম্পিউটারটি এনেছেন। তদন্ত কর্মকর্তারা এসে কম্পিউটারটি যাতে বন্ধ দেখতে না পান এ জন্য পাশের বাড়ি থেকে নেওয়া হয়েছে বিদ্যুৎসংযোগ। সহকারী সুপার গোলাম রব্বানী এ সময় বলেন, ‘অফিসকক্ষে কম্পিউটারটি দেখে আমি বিস্মিত। পরে জানলাম, নিজেকে কম্পিউটার শিক্ষিকা দাবি করা জাহানারা বেগম কম্পিউটারটি নিয়ে এসেছেন।’নতুন আসা কম্পিউটার শিক্ষিকা কোথায়—জানতে চাইলে এবতেদায়ি প্রধান আজিজুর রহমান বলেন, ‘জাহানারা বেগমকে সারা দিন অফিসকক্ষে বসিয়ে না রেখে অন্য শিক্ষকের দু-একটি ক্লাসে পাঠানো হচ্ছে। এখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ে ক্লাস নিচ্ছেন।’ জাহানারা বেগম দাবি করেন, ‘২০০৫ সালেই কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। এত দিন প্রতিষ্ঠানে আসিনি। গত ৫ মার্চ থেকে নিয়মিত আসছি। কম্পিউটার বিষয়ে শিক্ষার্থী না থাকায় কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তাঁদের বিষয়ে ক্লাস নিচ্ছি।’