চাকরি মাদ্রাসায়, বেতন নিচ্ছেন স্কুল থেকেও
চাকরি থেকে ইস্তফা না দিয়েই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর দৌলতগাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম ছয় মাস আগে স্থানীয় একটি মাদ্রাসায় প্রভাষক পদে যোগ দেন। এরপর দুটি প্রতিষ্ঠান থেকেই তিনি বেতন তুলছেন।উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, ২০১২ সালের ৩১ জুলাই আলমপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম জামুহালী সিনিয়র মাদ্রাসায় ইংরেজি প্রভাষক পদে যোগদান করেন। এখন তিনি সেখানেই কর্মরত। ২০১২ সালের নভেম্বরে বেসরকারি শিক্ষকদের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) তালিকায় আবুল কাশেমের নাম অন্তর্ভুক্ত হয়। তিনি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি থেকে ইস্তফা না দিয়ে উভয় প্রতিষ্ঠান থেকে সরকারি বেতন উত্তোলন করছেন। এ ব্যাপারে আবুল কাশেম বলেন, ‘আমি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি নিইনি, তবে নেব। সরকার প্রদত্ত বেতন তো এক প্রতিষ্ঠান থেকে উঠিয়েছি।’জামুহালি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান জানান, তিনি আবুল কাশেমকে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য কয়েক দফা বললেও তা করেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, ‘আবুল কাশেম মাদ্রাসায় চাকরি করছেন বলে শুনেছি। ওই শিক্ষক ছয় মাসের অবৈতনিক ছুটির আবেদন করেছেন। তবে ছুটি মঞ্জুর হয়নি। শিগগিরই তাঁকে বিদ্যালয়ে যোগদানের জন্য নোটিশ দেওয়া হবে।’